নন্দন।-ফাইল ছবিফুটবল বিশ্বকাপের ফাইনালের উন্মাদনা এবার আর শুধু বাড়ির টিভি বা মোবাইলের পর্দায় সীমাবদ্ধ থাকছে না। রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবারের মতো কলকাতার নন্দনের বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল। সূত্রের খবর, এই বিশেষ আয়োজনের উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনের শীর্ষকর্তা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন।
নন্দনে প্রথমবার এমন আয়োজন
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই এই অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্রীড়া দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতর যৌথভাবে পরিকল্পনা চূড়ান্ত করেছে। সরকারি ইঞ্জিনিয়ারেরা ইতিমধ্যেই প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখেছেন। শুক্রবারও প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে।
প্রশাসনের অনেকের মতে, পশ্চিমবঙ্গে এর আগে কখনও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এভাবে বড় পর্দায় সরকারি উদ্যোগে দেখানোর আয়োজন হয়নি। যদিও বহু বছর আগে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে চলচ্চিত্র উৎসব উপলক্ষে রাতভর সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।
জেলায় জেলায়ও থাকবে বড় পর্দা
শুধু কলকাতাই নয়, জেলার ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ক্রীড়া ও যুবকল্যাণ দফতর সমস্ত জেলাশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে। প্রতিটি জেলা প্রশাসনকে এই আয়োজনের জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দফতরের সচিব রাজেশ পাণ্ডে।
উৎসবের আবহ নন্দন চত্বরে
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নন্দন, রবীন্দ্রসদন ও অ্যাকাডেমি চত্বরকে উৎসবের আবহে সাজিয়ে তোলা হচ্ছে। দুই দলের জাতীয় পতাকা, জার্সি, মুখে রঙ লাগানোর ব্যবস্থা-সহ দর্শকদের জন্য থাকবে নানা আকর্ষণ। যেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আবহই তৈরি হবে কলকাতার বুকে।
ম্যাচ চলাকালীন দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তারকা ও প্রাক্তন ফুটবলারদের উপস্থিতির সম্ভাবনা
সূত্রের খবর, বিশ্বকাপ ফাইনালের রাতে নন্দনে কয়েকজন প্রাক্তন ফুটবলার এবং বিশিষ্ট ক্রীড়াবিদ উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি চলচ্চিত্র জগতের একাধিক তারকাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের অনেকেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী কার সমর্থক?
প্রশাসনিক মহলেও এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফাইনালে আর্জেন্টিনার সমর্থন করবেন, নাকি স্পেনের? নীল-সাদা না লাল-হলুদ, কোন দলের জার্সির প্রতি তাঁর সমর্থন, তার উত্তর মিলবে ম্যাচ শুরুর পরই। তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবলপ্রেমী বাংলার কাছে এই বিশ্বকাপ ফাইনালের রাত স্মরণীয় হয়ে থাকতেই চলেছে।