
ভারতের বাজারে নতুন করে লঞ্চ হল Honda Rebel 500। এবার আগের তুলনায় অনেকটাই কম দামে বাইকটি নিয়ে এল সংস্থা। প্রথমবার সম্পূর্ণ CBU (Completely Built Unit) পদ্ধতিতে ভারতে আনা হয়েছিল এই বাইক। তবে এবার প্রায় ৫০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করা হচ্ছে। ফলে কমেছে দামও। স্ট্যান্ডার্ড ও ই-ক্লাচ, এই দুই ধরনের বিকল্পে পাওয়া যাবে Honda Rebel 500।

বাইকের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৪.৫০ লক্ষ টাকা। অন্যদিকে, ই-ক্লাচ ভ্যারিয়েন্টের দাম ৪.৯০ লক্ষ টাকা। এর আগে বাইকটির দাম ছিল ৫.১২ লক্ষ টাকা। অর্থাৎ, আগের দামের তুলনায় স্ট্যান্ডার্ড মডেলের দাম কমেছে ৬২ হাজার টাকা।

ইঞ্জিন ও পারফরম্যান্স : Honda Rebel 500-এ রয়েছে ৪৭১ সিসির লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৬ হর্সপাওয়ার শক্তি এবং ৪৩.৩ এনএম টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। বাইকটির ই-ক্লাচ ভ্যারিয়েন্টে রয়েছে বিশেষ সুবিধা।

এই প্রযুক্তির সাহায্যে ক্লাচ লিভার ব্যবহার না করেই গিয়ার বদলানো যাবে। ক্লাচ না টেনেও বাইক স্টার্ট ও বন্ধ করা সম্ভব। তবে প্রয়োজন হলে চালক নিজে হাতে ক্লাচ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে শহরের যানজটে বারবার গিয়ার বদলানোর সময় এই প্রযুক্তি রাইডিংকে আরও সহজ করতে পারে।

কী কী ফিচার রয়েছে? Honda Rebel 500-এ রয়েছে LED প্রজেক্টর হেডল্যাম্প এবং ৩.৫ ইঞ্চির গোলাকার TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতে Honda RoadSync ফিচার রয়েছে। এর মাধ্যমে পাওয়া যাবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এ ছাড়া বাইকে রয়েছে Selectable Torque Control।

বাইকটির অন্যতম আকর্ষণ কম উচ্চতার সিট। এর সিট হাইট মাত্র ৬৯০ মিলিমিটার। ফলে কম উচ্চতার চালকদের জন্যও বাইকটি চালানো তুলনামূলক সুবিধাজনক হতে পারে। বাইকটির ওজন ১৯১ কেজি। এতে রয়েছে ১৬ ইঞ্চির চাকা। ভারতের বাজারে Honda Rebel 500-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Royal Enfield Shotgun 650। এই বাইকের এক্স-শোরুম দাম ৪.০১ লক্ষ টাকা। অর্থাৎ, দাম কমানোর পরেও Honda Rebel 500-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম Shotgun 650-এর তুলনায় বেশি। Honda Rebel 500 বুক করতে হলে ৫,০০০ টাকা দিতে হবে। সংস্থার BigWing ডিলারশিপ থেকে বাইকটি বুক করা যাবে।