GTA 6-এর দাম কত? ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। স্বর্গ হাতে পেলেন গেমাররা। বিশ্বজুড়ে মুক্তি পেল জনপ্রিয় ভিডিও গেম সিরিজ Grand Theft Auto-র নতুন সংস্করণ GTA 6। ১৯ নভেম্বর মধ্যরাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই ওপেন হয়ে গিয়েছে এই গেম। আর তারপর থেকেই তুমুল উত্তেজনা।
Rockstar Games-এর তৈরি এই ভিডিও গেম নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। প্রথমে নিউ জিল্যান্ডে রোল আউট হয় GTA 6। তারপর এক এক করে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া সহ সমস্ত দেশে ওপেন হয়েছে। ভারতেও উন্মাদনা প্রবল এই ভিডিও গেম সিরিজ ঘিরে। কিন্তু জানেন কি এই ভিডিও গেম সিরিজ খেলতে কত গ্যাঁটের কড়ি খসবে?
২০১৩ সালে GTA 5 মুক্তি পেয়েছিল। তার পরে ১৩ বছর কেটে গিয়েছে। এতদিন পরে জনপ্রিয় এই গেম সিরিজের নতুন ভার্সন আশায় উত্তেজনা তুঙ্গে গেম লাভারদের। বৃহস্পতিবার রাত ১২টা থেকেই তাই স্ক্রিনের সামনে বসে পড়েছেন তারা।
গেমটি কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে?
> PlayStation 5 (PS5)
> Xbox Series X|S
> তবে PC সংস্করণ নিয়ে এখনও পর্যন্ত কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
GTA 6-এর বিশেষত্ব কী কী?
নতুন গেমের গল্প তৈরি Vice City-কে কেন্দ্র করে। রয়েছে কাল্পনিক রাজ্য Leonida। গেমের ২ মুখ্য চরিত্র Jason Duval এবং Lucia Caminos। দু'জনেই অপরাধ জগতের সঙ্গে জড়িত। একাধিক অ্যাডভেঞ্চার রয়েছে তাদের ঘিরে।
ভারতে GTA-6 কত দামে মিলছে?
ভারতে GTA-6 ২টি সংস্করণে পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড এডিশন এবং আল্টিমেট এডিশন। প্রথমটির দাম ৫৯৯৯ টাকা এবং দ্বিতীয়টির ৭৪৯৯ টাকা।
ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক রাজ্য লিওনিডায় (Leonida) পা রাখতেই GTA 5-এর তুলনায় একাধিক বড় পরিবর্তন চোখে পড়ছে খেলোয়াড়দের। উন্নত গ্রাফিক্স থেকে শুরু করে চরিত্রের সম্পর্ক, পুলিশি ব্যবস্থা এবং শহরের সাধারণ মানুষের আচরণ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুনত্ব আনার চেষ্টা করেছে রকস্টার গেমস। এক নজরে দেখে নেওয়া যাক, GTA 6-এ কোন ৫টি বড় পরিবর্তন এসেছে।
১. তিন জন নয়, এবা র দুই প্রধান চরিত্র
GTA 5-এ মাইকেল, ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভর, এই ৩টি আলাদা চরিত্র ছিল। GTA 6-এ মূল গল্প আবর্তিত হবে ২ ঘনিষ্ঠ চরিত্র লুসিয়া কামিনোস (Lucia Caminos) এবং জেসন ডুভালকে (Jason Duval) কেন্দ্র করে। GTA সিরিজে এই প্রথম কোনও মহিলা প্রধান চরিত্রকে দেখা যাবে। খেলোয়াড়রা চাইলে একা ঘুরে বেড়াতে পারবেন এবং আলাদা আলাদা মিশন খেলতে পারবেন। আবার জুটি হিসেবেও একসঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজ বা ডাকাতির পরিকল্পনা করতে পারবেন।
২. খেলোয়াড়ের সিদ্ধান্তে বদলাবে প্রেমের সম্পর্ক
আগের গেমগুলিতে বিভিন্ন চরিত্রের মধ্যে সম্পর্ক মূলত কাটসিনের মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু GTA 6-এ জেসন ও লুসিয়ার প্রেমের সম্পর্ক নির্ভর করবে খেলোয়াড়ের সিদ্ধান্ত এবং আচরণের উপর।
রয়েছে চারটি স্তর, Running on Empty, Partners in Crime, Crazy in Love এবং Hot Together।
৩. সোশ্যাল মিডিয়া থেকেই মিলবে নতুন মিশনের সন্ধান
GTA 5-এ Lifeinvader এবং Bleeter-এর মতো কাল্পনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল। তবে GTA 6-এ খেলোয়াড়দের iFruit ফোনে ফিরে আসছে Snapmatic। সেখানে স্ক্রল করে দেখা যাবে বিভিন্ন ভাইরাল ভিডিও, ক্লিপ এবং লাইভস্ট্রিম।
৪. আরও বুদ্ধিমান পুলিশ, বাস্তবসম্মত ডাকাতি
GTA 6-এ ডাকাতি এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিজ্ঞতাও অনেক বেশি বাস্তবসম্মত হতে চলেছে। পুলিশের স্মৃতিশক্তিও আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে।শুধু টুপি পরা বা চুলের স্টাইল বদলে পুলিশকে ফাঁকি দেওয়া আর সহজ হবে না।
৫. শহরের সাধারণ মানুষের আচরণেও বড় পরিবর্তন
GTA 6-এ শহরের সাধারণ মানুষ বা NPC-দের আচরণেও বড়সড় পরিবর্তন এনেছে রকস্টার। এ বার NPC-দের উচ্চতা এবং শরীরের গঠনে বৈচিত্র্য থাকবে। খেলোয়াড়দের উপস্থিতিতে তাঁদের প্রতিক্রিয়াও হবে অনেক বেশি স্বাভাবিক। এমনকী, কিছু সাধারণ মানুষের কাছেও অস্ত্র থাকতে পারে।
GTA 5 ও GTA 6-এর মধ্যে বদলেছে ভারত
বেশ কিছু অ্যানিমেটেড ছবি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরেছেন GTA 5 ও GTA 6 সংস্করণের মাঝের সময়কালের মধ্যে ভারত কতটা বদলে গিয়েছে। ১৩ বছর পর ভারত দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক দেশ, দরিদ্রসীমা নেমেছে ২৭ শতাংশ থেকে ২.৬ শতাংশে, এখন ১০০ শতাংশ বাড়িতে রয়েছে শৌচালয়, স্পেস স্টার্টআপ তৈরি হয়েছে, মাওবাদী মুক্ত হয়েছে দেশ। ইত্যাদি বিষয়গুলির তুলনা টেনেছেন গেমের দুই সংস্করণের রোল আউটের মাঝের ১৩ বছর নিয়ে।