ম্যালওয়্যার অ্যাটাকআমরা অধিকাংশই এখন মোবাইল ফোনের উপর নির্ভরশীল। এই যন্ত্র ছাড়া এক মিনিট চলাও দায়। এতেই থাকে জরুরি সব ডকুমেন্ট, ব্যাঙ্কের অ্যাপ থেকে শুরু করে ব্যক্তিগত ছবি, ভিডিও সহ আরও কত কী! তাই তো জালিয়াতদের প্রথম টার্গেট হয়ে উঠছে স্মার্টফোন। আর যতদূর খবর, আবার একটি নতুন ম্যালওয়্যার বের করেছে স্প্যামাররা। এটি ফোনে উপস্থিত সেনসিটিভ সব তথ্য কপি করে নিতে পারে। এর নাম পার্সেয়াস।
যতদূর খবর, এই ম্যালওয়্যার সহজেই মোবাইলকে হ্যাক করে নিতে পারে। তারপর গুরুত্বপূর্ণ সব তথ্য, যেমন ওটিপি, পাসওয়ার্ড এবং ফিনান্সিয়াল ডেটা নিতে পারে হাতিয়ে। এমনকী কিছু ক্ষেত্রে এই ম্যালওয়্যার স্মার্টফোনকে সম্পূর্ণ লক করে দিতেও পারে।
পার্সেয়াস নামক এই ম্যালওয়্যারটি সারবেরাস এবং ফিনিক্সের পুরনো ভার্সনের উপর তৈরি। আর নতুন এই ম্যালওয়্যার খুবই ভয়ঙ্কর। এটি খুব সহজেই যে কোনও মোবাইল ব্যবহারকারীকে টার্গেট করতে পারে। তাই সাবধান না হয়ে গতি নেই।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা দ্রুত গতিতে মোবাইলের নিয়ন্ত্রণ নিতে পারে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে এই ম্যালওয়্যার ঠিক কী করতে পারে!
১. এটি রিয়েলটাইম স্ক্রিনশট নিতে পারে
২. এটি নিজের থেকেই স্ক্রিনে ট্যাপ করতে পারে
৩. এই ম্যালওয়্যার আপনা আপনি অ্যাপ খুলতে পারে
৪. এই ম্যালওয়্যার কালো স্ক্রিন এনে দিতে পারে, যার ফলে ব্যবহারকারী কিছু না দেখতে পারেন না
একাধিক নোটস অ্যাপে আক্রমণ করছে
এই পার্সেয়াস ম্যালওয়্যারটি বিভিন্ন নোটস অ্যাপ থেকে ডেটা চুরি করতে পারে। যেমন ধরুন, গুগল কিপ, শাওমি নোটস, স্যামসাং নোটস, কালার নোট, টোনপ্যাড নোটস এবং এভারনোট- নোট অর্গানাইজার ইত্যাদির তথ্য করতে পারে হ্যাক। আসলে ম্যালওয়্যার এই সব অ্যাপ স্ক্যান করে সব তথ্য হাতিয়ে নেয়।
সুরক্ষিত থাকবেন কীভাবে?
আপনি চাইলেই এই ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকতে পারেন। এই ম্যালওয়্যার আইপিটিভি সার্ভিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সব অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। আর থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই এটা মোবাইলে প্রবেশ করে। তাই এই সব অ্যাপ ইনস্টল করবেন না। পাশাপাশি ওপারেটিং সিস্টেম সবসময় আপ টু ডেট রাখুন। এছাড়া অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ ইনস্টল করুন। তাহলে আর সমস্যা হবে না।