বিজিএমআই এয়ার লঞ্চ কবে? আপনি কি BGMI প্রেমী? তাহলে রয়েছে একটি ভাল খবর। আসলে ভারতে লঞ্চ হতে চলেছে BGMI Air। জনপ্রিয় মোবাইল গেম Battlegrounds Mobile India (BGMI)-এর এই লাইট ভার্সনটি আগামী ১০ ডিসেম্বর ভারতে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই Google Play Store-এ গেমটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তাতে ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। মূলত যাঁদের স্মার্টফোনে বেশি RAM বা স্টোরেজ নেই, তাঁদের কথা মাথায় রেখেই এই গেম তৈরি করেছে Krafton India।
মাথায় রাখতে হবে, প্রথমে BGMI Lite নাম রাখা হয়েছিল গেমটির। তবে গত মাসেই নাম পরিবর্তন করা হয়। এটির নাম BGMI Air রাখা হয়।
শুরু হচ্ছে ক্লোজড বিটা টেস্টিং
গেমটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে ক্লোজড বিটা টেস্টিংয়ের আয়োজন করেছে Krafton। এর মাধ্যমে নির্বাচিত কয়েকজন গেমার আগেভাগেই BGMI Air খেলার সুযোগ পাবেন। পাশাপাশি, গেমের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত ও পরামর্শও নেওয়া হবে, যাতে চূড়ান্ত ভার্সনে প্রয়োজনীয় পরিবর্তন করা যায়।
আগামী ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই বিটা টেস্টিং চলবে। মুম্বই, দিল্লি এবং কলকাতা, এই তিনটি শহরে আয়োজন করা হবে টেস্টিং গেমিংয়ের পর্ব।
কীভাবে পাবেন আর্লি অ্যাক্সেস?
যাঁরা সবার আগে BGMI Air খেলার সুযোগ পেতে চান, তাঁদের আগামী ৯ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
তবে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। থাকতে হবে বৈধ সরকারি ফটো আইডি এবং একটি সক্রিয় BGMI অ্যাকাউন্ট। পাশাপাশি, নির্বাচিত হলে নিজের খরচে নির্ধারিত শহরে গিয়ে বিটা টেস্টিংয়ে অংশ নিতে হবে।
মাত্র ১ জিবি ডাউনলোড সাইজ, কম RAM-এর ফোনেও চলবে
যাঁদের স্মার্টফোনে স্টোরেজ কম কিংবা সাধারণ BGMI খেলতে গিয়ে ফোন হ্যাং করে, তাঁদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে BGMI Air। Krafton জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে গেমটির প্রাথমিক ডাউনলোড সাইজ হবে মাত্র ১ জিবি।
এছাড়া গেম খেলার আগে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত কোনও প্যাকেজ ডাউনলোড করতে হবে না। ফলে দ্রুত গেম চালু করে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
গেমটি চালানোর জন্য ন্যূনতম ১.৫ জিবি RAM এবং Adreno 306 GPU বা তার উপরের গ্রাফিক্স প্রসেসর প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।