BSNL Satellite Phone Launch 2026: সস্তায় স্যাটেলাইট ফোন আনল BSNL, স্থলে, জলে, জঙ্গল, পাহাড়ে, মহাকাশে, নেটওয়ার্ক সর্বত্রBSNL Satellite Phone Launch 2026: মোবাইল টাওয়ার নেই তো কী হয়েছে এবার মাঝসমুদ্রে কিংবা গভীর জঙ্গলে দাঁড়িয়েও মনের সুখে কথা বলা যাবে। কারণ খোদ সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল দেশের বাজারে নিয়ে এল এক জবরদস্ত স্যাটেলাইট ফোন। সাধারণ স্মার্টফোনের মতো এটি মোটেও নয়, কারণ এই ফোন সিগন্যাল টানবে সরাসরি মহাকাশের উপগ্রহ থেকে ফলে নেটওয়ার্ক উধাও হয়ে যাওয়ার কোনও ভয় নেই।
দুর্গম এলাকায় আটকে পড়েও জরুরি দরকারে ভয়েস কল করা যাবে। যখন তখন ভারতের বাজারে এই স্যাটেলাইট ফোনের দাম রাখা হয়েছে কর সমেত ১,৩৪,১৬৬ টাকা। তবে কাঁড়ি কাঁড়ি টাকা পকেটে থাকলেই এই ফোন যে কেউ দোকান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন না। কারণ নিয়মকানুন অত্যন্ত কড়া। দেশের সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্য এটি আনা হয়নি। প্রতিরক্ষা ক্ষেত্র, খনি কর্মী, সমুদ্রের নাবিক, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দুর্গম পার্বত্য অঞ্চলের তীর্থযাত্রী কিংবা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মতো বাণিজ্যিক ও বিশেষ প্রয়োজনেই এটি ব্যবহার করা যাবে।
আসলে এই ফোনটি মহাকাশের কৃত্রিম উপগ্রহের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলে। যার জন্য গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক, ইনমারস্যাটের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল। পাহাড়ের চূড়ায় বা মাটির তলায়, যেখানে মোবাইল টাওয়ার বসানো অসম্ভব সেখানেও এটি একশো ভাগ কাজ করবে। শুধু তাই নয় কঠিন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য ফোনটির খাঁচাও বানানো হয়েছে দারুণ মজবুত। ধুলো বালি কিংবা জল লাগলেও এই ফোনের কিচ্ছু হবে না। চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকলেও চিন্তার কিছু নেই। কারণ এতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ। এর পাশাপাশি চরম বিপদে উদ্ধারকারী দলকে বার্তা পাঠানোর জন্য এতে রয়েছে একটি বিশেষ এসওএস ইমার্জেন্সি সাপোর্ট বোতাম। যার মাধ্যমে এক ক্লিকেই লাইভ লোকেশন সহ সাহায্য চাওয়া যাবে।
আইনি নিয়ম মেনে এই স্যাটেলাইট ফোন কিনতে গেলে গ্রাহককে সবার আগে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ বা ডট এর কাছ থেকে লিখিত অনুমতিপত্র জোগাড় করতে হবে। অনুমতি ছাড়া এই ফোন নিজের কাছে রাখা বা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। ফোনের ব্যাপারে বিশদ জানতে গ্রাহকরা নিকটবর্তী বিএসএনএল অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ৯৭৬৮৮৬৬৬৫২ নম্বরে ফোন করে খোঁজ নিতে পারেন। সম্প্রতি দেশের আনাচে কানাচে প্রায় ৯৯,০০০ ফোরজি সাইট বসিয়ে নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে বিএসএনএল। আর তার মধ্যেই এই স্যাটেলাইট ফোন এনে চমকে দিল সরকারি সংস্থাটি।