সাতসকালে বন্ধ YouTubeসাতসকালে ধাক্কা খেলেন ইউটিউব ব্যবহারকারীরা। সকাল বেলা আচমকা বন্ধ হয়ে গেল ইউটিউব। ভারত-সহ একাধিক দেশে বুধবার সকালে বন্ধ হয়ে রইল ইউটিউব পরিষেবা। ইতিমধ্যেই ডাউনডিটেক্টরে রিপোর্ট করতে শুরু করেছেন হাজার হাজার মানুষ।
অনেকেরই সকালে ঘুম থেকে উঠে মোবাইল ঘাঁটার মতো 'বদ অভ্যাস' রয়েছে। আচমকা এদিন সকালে ৭টা নাগাদ তাঁরা দেখতে পান ইউটিউব চলছে না। ইউটিউবে গিয়ে হোম পেজে তাঁরা দেখতে পান লেখা রয়েছে “Something Went Wrong”. আমেরিকার মতো দেশেও এই একই সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মানুষ। মার্কিন মুলুকে প্রায় ৩০ হাজার-এরও বেশি মানুষ ডাউনডিটেক্টরে এটি নিয়ে রিপোর্ট করেছে। এছাড়াও, ব্রিটেনেও এর প্রভাব পড়েছে।
কতক্ষণ ইউটিউব বন্ধ ছিল?
বেশ কিছু ইউটিউব ব্যবহারকারী দাবি করেছেন, সকাল সাড়ে ৬টা থেকেই তাঁরা ইউটিউবে এই সমস্যা পাচ্ছেন। আবার অনেকে সময় বলছেন সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে তাঁরা প্রবলেম পেয়েছেন। তবে DownDetector -এর মতো ওয়েবসাইট বলছে, সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ভারতে প্রায় ২০ হাজার মানুষ মানুষ সমস্যার কথা রিপোর্ট করেছেন। ওয়েবসাইটটি জানাচ্ছে, এরমধ্যে প্রায় ৮৪ শতাংশ মানুষ ইউটিউব অ্যাপ নিয়ে সমস্যা দাবি করেছেন। অন্যদিকে ১৬ শতাংশ মানুষ ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যার কথা জানিয়েছেন। যদিও সকাল ৮টার পর থেকে পুনরায় ঠিক হয়ে গিয়েছে ভিডিও স্ট্রিমিং অ্যাপটি। আবার স্বমহিমায় ফিরেছে YouTube।
YouTube-এর তরফে কী বলা হল?
বিশ্বজুড়ে বিভ্রাট নিয়ে রিপোর্ট আসতে থাকায় ইতিমধ্যেই ইউটিউবও একটি বিবৃতি দিয়েছে। YouTube-এর তরফে বলা হয়েছে “আমরা এই সমস্যাটি খতিয়ে দেখছি। এখনও কোনও সমাধান করা যায়নি। আমরা সমস্যার উপর তীক্ষ্ণ ভাবে নজর রাখছি। যে কোনও আপডেট পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।”