
হিরো ভিডা প্রজেক্ট ভিএক্সজেডইলেকট্রিক বাইকের দুনিয়ায় লড়াই এখন আর শুধু ব্যাটারি বা রেঞ্জের মধ্যে আটকে নেই। পেট্রোলের বাইকের ডিজাইন এবং পারফরম্যান্সকেও টেক্কা দিচ্ছে। এমন সব বাইক বাজারে আসছে, যা দেখলে চোখ কপালে উঠে যাবে। আর এই প্রতিযোগিতায় নয়া চমক দিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। সংস্থার নতুন ইলেকট্রিক বাইক হিরো ভিডা প্রজেক্ট ভিএক্সজেড (Hero VIDA Project VXZ)।
আমেরিকার সংস্থা Zero Motorcycles-এর সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এই বাইক। VIDA Project VXZ লুক দুর্দান্ত। নজর কেড়েছে গোলাপি ও বেগুনি রঙের নতুন কালার কম্বিনেশন। বডি প্যানেলে ব্যবহার করা হয়েছে গোলাপি ও বেগুনি রঙের মিশ্রণ। সঙ্গে রয়েছে বিশেষ গ্রাফিক্স। কালো ফ্রেম এবং যন্ত্রাংশের সঙ্গে এই রঙের সমন্বয় বাইকটিকে দিয়েছে অন্য রকম চেহারা। পাশের প্যানেলগুলি কিছুটা স্বচ্ছ। সেখানে রয়েছে Project VXZ-এর ব্যাজিং।
ডিজাইন
Hero VIDA VXZ-এর ডিজাইন স্পোর্টিং। দেখতে অনেকটা স্ট্রিটফাইটার বাইকের মতো। বাইকের সামনে রয়েছে অ্যাঙ্গুলার ডিজাইনের প্রোজেক্টর হেডল্যাম্প। তার চারপাশে রয়েছে চওড়া লাইটিং সেটআপ। হেডল্যাম্পের উপরে ছোট্ট টিন্টেড ফ্লাইস্ক্রিনও দেওয়া হয়েছে। চওড়া হ্যান্ডলবার এবং বড় ডিজিটাল ডিসপ্লে বাইকটির সামনের অংশের আকর্ষণ আরও বাড়িয়েছে।
আলাদা আসন
বাইকটিতে চালক এবং পিছনে বসা আরোহীর জন্য আলাদা আসন রয়েছে। পিছনের দিকে উঁচু টেল সেকশন এবং সরু টেল ল্যাম্প বাইকটির স্পোর্টি লুক আরও বাড়িয়েছে। উপরের অংশটি দেখতে অনেকটা পেট্রোলচালিত বাইকের জ্বালানি ট্যাঙ্কের মতো হলেও আদতে সেখানেই রয়েছে চার্জিং পোর্ট।
আধুনিক চার্জিং
বাইকের উপরের প্যানেল খুললেই ভিতরে রয়েছে চার্জিং ইনলেট। সেটি ঢেকে রাখার জন্য রয়েছে হিঞ্জ কভার। তবে কোন চার্জিং স্ট্যান্ডার্ড ব্যবহার করা হবে, তা এখনও জানায়নি Hero MotoCorp।

সাসপেনশন ও ব্রেকিং
সামনের চাকায় দেওয়া হয়েছে আপসাইড ডাউন (USD) ফর্ক সাসপেনশন। পিছনে মনোশক সাসপেনশন। অ্যালয় হুইলের সঙ্গে রয়েছে বিশেষ নকশার টায়ার। এছাড়াও রয়েছে সুইংআর্ম এবং দুটি চাকাতেই ডিস্ক ব্রেক।
ডিজিটাল ডিসপ্লে
VIDA VXZ-এর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও বেশ আকর্ষণীয়। এতে রয়েছে বড় রঙিন ডিসপ্লে। সেখানে বাইকের গ্রাফিক্স, স্পোর্ট রাইডিং মোড, পার্কিং ফাংশন এবং বিভিন্ন সেটিংস।
এক চার্জে কত দূর যাবে?
বাইকের ডিসপ্লেতে ৮০ শতাংশ ব্যাটারি চার্জে ১৫০ কিলোমিটার সম্ভাব্য রেঞ্জ বলা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, ১০০ শতাংশ চার্জে বাইকটির আনুমানিক রেঞ্জ হতে পারে প্রায় ১৮৮ কিলোমিটার। যদিও এটি আনুমানিক হিসাব। সংস্থার তরফে এখনও চূড়ান্ত রেঞ্জের কোনও ঘোষণা করা হয়নি।

কবে এই বাইক বাজারে আসবে, কবে থেকে এর উৎপাদন শুরু হবে এবং দাম কত রাখা হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি Hero MotoCorp।