১০০% ইথানলেই ছুটবে বাইক, দেশের মধ্যে প্রথম চমক আনছে Heroদেশে ফ্লেক্স-ফুয়েল মোবিলিটির দিকে এগিয়ে যেতে বড় পদক্ষেপ নিল হিরো মোটোকর্প। আগামী ৩ জুন নিজেদের প্রথম ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে হিরো, ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। নয়াদিল্লিতে এই লঞ্চ অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
এটিই হতে পারে দেশের প্রথম ১০০% ইথানলে চালিত প্রথম বাইক
রিপোর্ট অনুসারে এটিই হতে পারে দেশের প্রথম ১০০ শতাংশ ইথানলে চলা বাইক। কেন্দ্রের তরফে বিকল্প জ্বালানির উৎসাহ দিতে সরকারি নীতির সঙ্গে এই উদ্যোগকে সঙ্গতিপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফ্লেক্স-ফুয়েল বাইকগুলি E20, E85, এবং E100-এর মতো বিভিন্ন ইথানল মিশ্রণে চলতে পারে। বর্তমানে, ভারতের বেশিরভাগ পেট্রোল চালিত বাইক E20 জ্বালানির জন্য উপযুক্ত।
যদিও কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এই বাইকের মডেলটির নাম প্রকাশ করেনি। তবে টু ভেহিকেল শিল্প সূত্রে দাবি, এই বাইকটি হিরো স্প্লেন্ডার বা হিরো এইচএফ ডিলাক্স -এর মডেলের মতো করেই তৈরি হতে পারে।
সরকার কেন ইথানলের উপর জোর দিচ্ছে?
অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমানো এবং যানবাহনজনিত দূষণ কম করার লক্ষ্যে, সরকার দীর্ঘদিন ধরে গাড়ি উৎপাদক সংস্থাগুলিকে হাই-ইথানল মিশ্রণযুক্ত যানবাহন উৎপাদনে উৎসাহিত করে আসছে।
ভারতে ফ্লেক্স-ফুয়েলের বাজার বর্তমানে সীমিত
বর্তমানে ভারতে ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেলের বাজার বেশ ছোট। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার সুজুকি জিক্সার এসএফ ২৫০ ই৮৫ ফুয়েলের জন্য উপযুক্ত। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া আগে হোন্ডা সিবি৩০০এফ-এর একটি ফ্লেক্স-ফুয়েল ভার্সন সরবরাহ করত। কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।