XR300L ও XR300 Rally লঞ্চ করল Hondaভারতে XR300L এবং XR300 Rally লঞ্চ করল Honda। এর মাধ্যমে অ্যাডভেঞ্চার বাইকের পোর্টফোলিও বাড়িয়ে নিল সংস্থাটি। আর এই বাইকগুলির দাম মোটামুটি সাধ্যের মধ্যেই রেখেছে Honda। যার ফলে ইতিমধ্যেই দুই বাইক নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে।
সবথেকে বড় খবর, এই দুই বাইক ভারতে তৈরি করা হচ্ছে। এগুলি Honda BigWing ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। ইতিমধ্যেই এই দুই মডেলের বুকিং শুরু হয়ে গিয়েছে।
Honda XR300L, XR300 Rally-এর দাম কত?
দুই বাইকের মধ্যে XR300L-এর দাম অপেক্ষাকৃত কম। এই বাইকের দাম ১.৮৩ লক্ষ টাকা। অন্যদিকে আরও অ্যাডভেঞ্চার-কেন্দ্রিক XR300 Rally-এর জন্য খরচ করতে হবে অতিরিক্ত ২৫,০০০ টাকা। এর দাম ২.০৮ লক্ষ টাকা। তবে এগুলি এক্স শো রুম দাম। এর সঙ্গে ট্যাক্স যোগ হবে।
ভারতের লাইটওয়েট অফ-রোড বাইকের বাজারে নতুন XR মডেল দুটি নিয়ে এসেছে Honda। এই দুই বাইক Hero Xpulse 210 এবং Kawasaki KLX230-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
Honda XR300L, XR300 Rally ইঞ্জিন কেমন? ফিচার কী?
দুই বাইকে রয়েছে ২৯৩.৫ সিসি সিঙ্গল-সিলিন্ডার, এয়ার ও অয়েল-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি Honda CB300F-এ ব্যবহৃত ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক বাজারে এই ইঞ্জিন থেকে প্রায় ২৪.৩ bhp শক্তি এবং ২৬.৫ Nm টর্ক পাওয়া যায়।
তবে ভারতে বিক্রি হওয়া মডেলগুলিতে দক্ষিণ আমেরিকার XR300L-এর তুলনায় কিছুটা আলাদা। এক্ষেত্রে এক্সজস্ট লেআউটে কিছু পরিবর্তন করা হয়েছে।
দুই বাইকেই সামনে রয়েছে কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। অফ-রোডিং ক্ষমতা বাড়াতে দুই বাইকে সামনে ২১ ইঞ্চির এবং পিছনে ১৮ ইঞ্চির স্পোক হুইল দেওয়া হয়েছে।
XR300 Rally-কে সাধারণ XR300L-এর তুলনায় আরও বেশি ট্যুরিং এবং অ্যাডভেঞ্চার-কেন্দ্রিক করে তৈরি করা হয়েছে। অতিরিক্ত ২৫,০০০ টাকার বিনিময়ে এতে পাওয়া যাচ্ছে বড় ফুয়েল ট্যাঙ্ক, উঁচু উইন্ডস্ক্রিন, নাকল গার্ড এবং আলাদা র্যালি-স্টাইলের বডিওয়ার্ক।
Rally মডেলে রয়েছে ৫ ইঞ্চির TFT ইন্সট্রুমেন্ট কনসোল এবং আরও উন্নত সুইচগিয়ার। অতিরিক্ত সরঞ্জাম এবং বড় ফুয়েল ট্যাঙ্কের কারণে XR300 Rally-এর ওজন XR300L-এর তুলনায় কিছুটা বেশি। এর সিটও সামান্য উঁচু হতে পারে।
তবে ভারতে দুই মোটরসাইকেলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি Honda। আসলে XR300L এবং XR300 Rally-এর মাধ্যমে ভারতের লাইটওয়েট ডুয়াল-স্পোর্ট এবং অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে নতুন করে এন্ট্রি নিল Honda। গত কয়েক বছরে এই সেগমেন্ট জনপ্রিয় হয়েছে। বিভিন্ন সংস্থা এমন বাইক বাজারে আনছে। আর সেখানেই এবার নিজেদের জড়িয়ে নিল Honda।