Honda Rebel 500ভারতের বাজারে সেরার সেরা একটা ক্রুজার বাইক লঞ্চ করেছে Honda Motorcycle and Scooter India (HMSI)। এই বাইকটির লুক অসাধারণ। তেমনই রয়েছে দারুণ কিছু ফিচার। এই বাইকের নাম Rebel 500। আর ইতিমধ্যেই এই দমদার বাইকের দাম ঘোষণা করেছে সংস্থা।
Honda জানিয়েছে, এই ক্রুজার বাইকটি দু'টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে E-Clutch ভার্সনও।
Honda BigWing ডিলারশিপ এবং সংস্থার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বাইকটির বুকিংও শুরু হয়েছে।
দাম কত?
মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই লঞ্চ করা হয়েছে এই বাইকটি। Honda Rebel 500-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯,৯০০ টাকা। অন্যদিকে, E-Clutch ভার্সনের দাম ৪,৮৯,৯০০ টাকা।
যদিও এই দামগুলি বেঙ্গালুরুর এক্স-শোরুম মূল্য। কলকাতায় বাইকটির দাম কিছুটা বেশি বা কম হতে পারে।
সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের ১৯ নভেম্বর থেকে এই দাম কার্যকর হয়েছে। ৫,০০০ টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে বাইকটি বুক করা যাবে।
২০২৬ সালের জুলাই মাসে Rebel 500-কে সামনে আনা হয়েছিল। বাইকটি ভারতেই তৈরি করা হচ্ছে। তবে এটি শুধুমাত্র সংস্থার প্রিমিয়াম BigWing ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হবে।
Honda Rebel 500, ইঞ্জিন ও পারফরম্যান্স কেমন?
Rebel 500-এ রয়েছে ৪৭১ সিসির লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন। তবে ভারতের বাজারে এই বাইকের ইঞ্জিনের পাওয়ার ও টর্কের হিসেবটা এখনও প্রকাশ করেনি Honda।
যদিও এটুকু জানা গিয়েছে, ইঞ্জিনের সঙ্গে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন। পাশাপাশি, বাইকটিতে Honda-র E-Clutch প্রযুক্তিও পাওয়া যাবে।
মাথায় রাখতে হবে, E-Clutch সিস্টেম দারুণ একটা ফিচার। এর সাহায্যে হাতে ক্লাচ না ধরেই বাইক স্টার্ট, থামানো এবং গিয়ার পরিবর্তন করা যায়। তবে রাইডার চাইলে ক্লাচ লিভারও ব্যবহার করতে পারবেন।
Honda Rebel 500, নতুন কী ফিচার?
Honda Rebel 500-এ রয়েছে LED প্রজেক্টর হেডল্যাম্প এবং Honda RoadSync কানেক্টিভিটি। এছাড়া TFT ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে রয়েছে এই অসাধারণ বাইকে। শুধু তাই নয়, এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, বাইকটিতে রয়েছে Honda Selectable Torque Control।
বাইকটির দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। সঙ্গে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS। Rebel সিরিজের পরিচিত স্টাইল, মিনিমালিস্ট ডিজাইন এবং ক্রুজার স্টাইল বজায় রাখা হয়েছে এই মডেলেও।
Honda Rebel 500 কোন রঙে পাওয়া যাচ্ছে?
স্ট্যান্ডার্ড এবং E-Clutch, দুটি ভ্যারিয়েন্টই দুটি রঙে পাওয়া যাবে। সেগুলি হল Mat Axis Grey Metallic এবং Mat Dune Brown।