সেরা ভারতীয় স্মার্টফোনের ব্র্যান্ডঅ্যাপেল, স্যামসাংয়ের মতো বিশ্বমানের স্মার্টফোন ব্র্যান্ড তৈরি করতে চলেছে ভারত। অন্তত এমনটাই দাবি ভারতের তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই বড় দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ভারত আর কিছু দিনের মধ্যেই একটি আন্তর্জাতিক মানের স্মার্টফোন ব্র্যান্ড তৈরি করে ফেলবে। আর এই কাজটি করার কাজে তাঁরা অনেকটাই এগিয়ে গিয়েছেন। সেই মতো করা হয়ে গিয়েছে সমস্ত পরিকল্পনা। আর ১২ থেকে ১৮ মাসের মধ্যেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড লঞ্চ করার কাজটি সেরে ফেলতে চলেছে ভারত।
মন্ত্রী জানান, ভারতে শক্তিশালী ইলেকট্রনিক ইকোসিস্টেম তৈরি করা সম্ভব হয়েছে। তাই এখন ভারতীয় ব্র্যান্ডগুলিরও আন্তর্জাতিক বাজারে ব্যবসা করা উচিত। আর সেই কাজটা করার জন্য সব ধরনের প্রস্তুতি সেরে ফেলা দরকার।
আমাদের ইকোসিস্টেম তৈরি হয়ে গিয়েছে
মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, আমরা ইতিমধ্যেই একটা পরিণত ইকোসিস্টেম তৈরি করে ফেলেছি। সরকার মোবাইলের যন্ত্রাংশ তৈরির একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করেছে। শুধু তাই নয়, মোবাইলের পুরো ইকোসিস্টেমের সঙ্গে কাজ করা সংস্থার সঙ্গে মিটিং হবে। তাই তিনি মনে করেন ১৮ মাসের মধ্যে কোনও একটি ভারতীয় মোবাাইল ব্র্যান্ড মিলবে।
স্যামসাং ও অ্যাপেলের মতো ব্র্যান্ড তৈরি হবে
সারা পৃথিবীতে হাজার হাজার মোবাইলের ব্র্যান্ড রয়েছে। তবে তাদের মধ্যে সেরার সেরা অবশ্যই অ্যাপেল এবং স্যামসাং। আমেরিকার অ্যাপেল এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সারা বিশ্বের দরবারে সেরার সেরা। ও দিকে আবার চিনের অপো, ওয়ান প্লাস এবং শাওমিও স্মার্টফোনের দুনিয়ায় বড় নাম। তবে এই তালিকায় নাম নেই কোনও ভারতীয় ব্র্যান্ডের। আর সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে সরকার। সেই মতো পরিকল্পনা করা হয়ে গিয়েছে।
AI সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে
এই কাজে সরকার খুবই বদ্ধপরিকর। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুগল ডিপমাইন্ড সিইও ও কো ফাউন্ডার ডেমিস হাসাবিস এবং ওপেন এআই চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স ক্রিস লেহানের সঙ্গেও কথা বলেছেন। তাঁরা কথা বলেছেন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে।
আর সেই কথাটা নিজের এক্স-এ জানিয়েছেন ডেমিস হাসাবিস। তিনি বলেন, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে খুবই ভাল লেগেছে। আর তাঁদের মধ্যে এআই নিয়ে কথা হয়েছে বলেই জানান গিয়েছে। এখন দেখার ঠিক কত দিনের মধ্য ভারত নিজের স্মার্টফোন ব্র্যান্ড বানিয়ে ফেলে।