পুরোনো ফোন নিয়ে বাড়ছে উদ্বেগ আমাদের অনেকের বাড়িতেই একটি করে পুরোনো স্মার্টফোন আছে। তা হয়তো ড্রয়ারে বা আলমারিতে পড়ে আছে, ধুলো জমছে। সেটি বিক্রি করে দেওয়া যুক্তিযুক্ত হলেও, একটি নতুন সমীক্ষায় প্রকাশ, বিপুল সংখ্যক ভারতীয় পুরোনো ফোন বিক্রি করতে চাইছেন না। কারণ, ফোন বিক্রির পর ব্যক্তিগত তথ্যের কী হবে, সেটা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
পুনর্ব্যবহৃত ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম Cashify-এর এক সমীক্ষা অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ ভারতীয় পুরোনো স্মার্টফোন বিক্রি করতে গিয়েও পিছিয়ে আসেন। তাঁরা মনে করেন, ফোনে থাকা ডেটার কোনও নিরাপত্তা নেই। ৮,০০০ জনের ওপর চালানো এই সমীক্ষায় দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে তিনজন আশঙ্কা করেন, ফোন বিক্রির পর তাঁদের ব্যক্তিগত তথ্য অপব্যবহার হতে পারে।
বর্তমানে স্মার্টফোনে ব্যাঙ্কিং তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি, নথি এবং ব্যক্তিগত কথোপকথনের মতো সংবেদনশীল তথ্য থাকে। ফলে এই উদ্বেগকে অমূলক বলা যায় না।
ফোন বিক্রি বাড়লেও কমছে না উদ্বেগ
সমীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতে পুরনো ফোন বিক্রি বা এক্সচেঞ্জের প্রবণতা বাড়ছে। সমীক্ষায় অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, তাঁরা আগে কোনও না কোনও সময়ে পুরনো স্মার্টফোন বিক্রি বা এক্সচেঞ্জ করেছেন। তবে বিক্রির প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগও বেড়েছে। বর্তমানে ফোন বিক্রির প্ল্যাটফর্ম বেছে নেওয়ার ক্ষেত্রে ৪৫ শতাংশ মানুষ ডেটা নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। যেখানে মাত্র ২৯.৫ শতাংশ মানুষ দামের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
ফ্যাক্টরি রিসেট কি যথেষ্ট?
সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৩ শতাংশ মানুষ ফোন বিক্রির আগে ফ্যাক্টরি রিসেট করেন। কিন্তু একই সঙ্গে ৪১ শতাংশ স্বীকার করেছেন, তাঁরা জানেন, ফ্যাক্টরি রিসেট করলেই সব তথ্য স্থায়ীভাবে মুছে যায় না। আরও উদ্বেগজনক বিষয় হল, প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন জানিয়েছেন, তাঁরা আগে কোনও ফোন থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করতে পেরেছেন।
অর্থাৎ, মানুষ যে পদ্ধতিকে সবচেয়ে বেশি ভরসা করেন, সেই পদ্ধতির কার্যকারিতা নিয়েই তাদের সন্দেহ রয়েছে।
সমীক্ষা বলছে, শুধু উদ্বেগ নয়, সমাধানও চান মানুষ। ৬৯ শতাংশের মতে, কোনো রিসেল প্ল্যাটফর্ম যদি সার্টিফায়েড ডেটা ডিলিশন পরিষেবা দেয়, তাহলে তাঁরা সেই প্ল্যাটফর্মকে বেশি বিশ্বাস করবেন। ৮৩ শতাংশেরও বেশি উত্তরদাতা জানিয়েছেন, ফোন বিক্রির সময় ডেটা ডিলিশন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, সম্পূর্ণ নিরাপদভাবে ডেটা মুছে ফেলার নিশ্চয়তা পেলে তারা অতিরিক্ত সামান্য অর্থ দিতেও রাজি।
কড়া আইন চায় অধিকাংশ মানুষ
সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল, ৮৭.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, ভারতে পুরনো স্মার্টফোন পুনর্বিক্রির আগে ডেটা মুছে ফেলা সংক্রান্ত আরও কঠোর আইন থাকা প্রয়োজন।