
lml star electric scooter একটা সময় বাজারে ঝড় তুলেছিল এলএমএল (LML)। তাদের স্কুটার-বাইকের ব্যাপক চাহিদা ছিল এ দেশে। সময়ের সঙ্গে ফিকে হয়েছে এলএমএল-র বিক্রিবাটা। সেই সংস্থাই আবার ফিরল। এবার ইলেকট্রিক স্কুটারের বাজারে 'ওয়াপসি' হল সংস্থার। ইলেকট্রিক যানের বাজার ক্রমবর্ধমান। নতুন সংস্থাগুলির পাশাপাশি পুরনো নির্মাতারাও শুরু করেছে ই-যান নির্মাণ। LML-র প্রথম ইলেকট্রিক স্কুটার LML Star আসতে চলেছে বাজারে। এই বৈদ্যুতিক স্কুটারটি গত অটো এক্সপোতে প্রদর্শন করা হয়েছিল। স্কুটারের লুক এবং ডিজাইন নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা। সংস্থার এমডি এবং সিইও ডক্টর যোগেশ ভাটিয়া জানিয়েছেন,এলএমএল স্টার স্কুটারের বিক্রি শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে।
আজ তকের সঙ্গে আলোচনায় ভাটিয়া জানিয়েছেন, এই বৈদ্যুতিক স্কুটারটির ট্রায়াল রান শুরু হবে সেপ্টেম্বরের মধ্যে। স্কুটারটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি। ডিজাইনের দায়িত্বে ইতালির একটি দল। স্টাইলিংয়ের সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রাখা হয়েছে।
এলএমএল স্টার স্কুটারে একটি ৪Kw ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ব্যাটারির নানা ভ্যারিয়েন্ট থাকবে। যোগেশ ভাটিয়া এই স্কুটারটির রেঞ্জ এখনও খোলসা করেননি। তিনি দাবি করেছেন, দেশের অন্যান্য স্কুটারগুলির তুলনায় সেরা ড্রাইভিং রেঞ্জ দেবে এলএমএল। হরিয়ানার বাওয়ালের কারখানায় এই স্কুটারটি তৈরি করবে সংস্থা। এই কারখানায় আগে হার্লে ডেভিডসন মোটরবাইক তৈরি হত।
ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কুটারের ডিজাইন করা হয়েছে। যা এই ধরনের স্কুটারের সেগমেন্টে প্রথমবার দেখা যাবে বলে দাবি করেছেন যোগেশ ভাটিয়া। তিনি জানান, এই স্কুটারটি ইতালিতে ডিজাইন করা হয়েছে। এর সামনের দিকে LED ডে-টাইম লাইটের পাশাপাশি একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রোজেক্টর হেডল্যাম্পগুলিকে খুব আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন- ফ্যান চুরি রুখতে এই বুদ্ধি ব্যবহার করে রেল, জানলে চমকে যাবেন
স্কুটারে থাকা ক্যামেরাটি স্কুটারের জন্য একটি ব্ল্যাক বক্সের মতো কাজ করে। যা গাড়ি চালানোর সময় সামনে এবং পিছনে ঘটতে থাকা ঘটনাগুলি রেকর্ড করে৷ ফিচার হিসেবে এতে অ্যাম্বিয়েন্ট লাইটিং, ইন্টিগ্রেটেড ডিআরএল, ব্যাক লাইট এবং ইন্ডিকেটর দেওয়া হয়েছে। যাত্রী সুরক্ষার জন্য এলএমএল স্টার স্কুটারে রয়েছে এবিএস, রিভার্স পার্ক অ্যাসিস্ট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং আরও নানা ফিচার।

শক্তিশালী ইঞ্জিন এবং ব্যাটারির সংযোগে তৈরি হবে এই স্কুটার। সিটের নীচে রয়েছে স্টোরেজ স্পেস। সংস্থার দাবি,দুটি ফুল ফেস হেলমেট সিটের নীচে রাখা যেতে পারে। এই স্কুটারটির অফিসিয়াল বুকিং শুরু হয়েছে। এর জন্য এক টাকাও খরচ করতে হবে না। কোনও টাকা না দিয়েই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ইলেকট্রিক স্কুটারটি বুক করতে পারবেন।