বিশ্বজুড়ে ডাউন মাইক্রোসফটহঠাৎই বিশ্বজুড়ে বহু অফিসের কাজকর্মের গতি থমকে গেল। মাইক্রোসফটের ইমেল পরিষেবা 'আউটলুক' এবং 'মাইক্রোসফট ৩৬৫'-এর সার্ভারে দেখা দিল বড়সড় প্রযুক্তিগত সমস্যা। এর জেরে হাজার হাজার ব্যবহারকারী ইমেল পাঠানো, ইমেল গ্রহণ করা এবং নিজেদের অ্যাকাউন্টে লগ-ইন করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন।
অনলাইন পরিষেবার বিভ্রাটের উপর নজর রাখা প্ল্যাটফর্ম 'ডাউনডিটেক্টর'-এর তথ্য অনুযায়ী, ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে আউটলুকে সমস্যা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। একসময় আউটলুক সংক্রান্ত সমস্যার অভিযোগের সংখ্যা লক্ষাধিক ছাপিয়ে যায়।
একইভাবে মাইক্রোসফট ৩৬৫ পরিষেবা নিয়েও সমস্যার কথা জানান হাজার হাজার ব্যবহারকারী। পরিষেবা বিভ্রাটের বিষয়টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ স্বীকার করে নেয় মাইক্রোসফট। সংস্থার তরফে জানানো হয়, তাদের প্রযুক্তিবিদদের দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
মাইক্রোসফটের স্টেটাস পেজ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, একাধিক সংযোগ পদ্ধতির মাধ্যমে এক্সচেঞ্জ অনলাইন মেলবক্সে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে যে অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত আরও তথ্য মাইক্রোসফট ৩৬৫ অ্যাডমিন সেন্টারে EX1550543 নম্বরে পাওয়া যাবে বলেও জানানো হয়।
এই বিভ্রাটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাইক্রোসফট জানায়, একাধিক অঞ্চলে তাদের কিছু পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে কাজ করা বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে একাধিক অঞ্চলে সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়েছে।
হঠাৎ এই পরিষেবা বিভ্রাটের জেরে বিশ্বজুড়ে বহু অফিসের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষত ইমেলের মাধ্যমে যোগাযোগ এবং দাপ্তরিক কাজের জন্য আউটলুক ও মাইক্রোসফট ৩৬৫-এর উপর নির্ভরশীল ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট জানায়, আপাতত সমস্ত ডিপ্লয়মেন্ট বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিকাঠামো থেকে অতিরিক্ত ট্র্যাফিক সরিয়ে নেওয়া হচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়া সার্ভারগুলি ফের চালু করার চেষ্টা চলছে। সংস্থার কথায়, পরিষেবা বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সমস্ত পথেই দ্রুত কাজ করা হচ্ছে।