সিম কার্ডের নয়া নিয়মআপনার নামে আগে থেকেই একাধিক মোবাইল নম্বর থাকলে এবার সমস্যায় পড়তে পারেন। মোবাইল সংযোগ নিয়ে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতর (DoT)। আগামী ২৪ অগাস্ট থেকে টেলিকম সংস্থাগুলিকে এমন ব্যক্তিকে নতুন মোবাইল সংযোগ দেওয়া বন্ধ করতে হবে, যাঁর নামে নির্দিষ্ট সংখ্যক SIM রয়েছে।
ভারতের অধিকাংশ অঞ্চলে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি মোবাইল নম্বর রাখার অনুমতি রয়েছে। তবে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে এই সীমা আরও কম। সেখানে একজনের নামে সর্বোচ্চ ৬টি মোবাইল নম্বর থাকতে পারে। এই সীমা কোনও একটি টেলিকম সংস্থার ক্ষেত্রে আলাদাভাবে খাটবে না। সব সংস্থা মিলিয়ে মোট সংযোগের সংখ্যা হিসেব করা হবে।
নতুন SIM কিনতে গেলে কী হবে?
DoT-এর নতুন নির্দেশ অনুযায়ী, কেউ নতুন SIM নিতে গেলে টেলিকম সংস্থাকে প্রথমেই যাচাই করতে হবে, ওই ব্যক্তির নামে আগে থেকে কতগুলি মোবাইল নম্বর রয়েছে। নির্ধারিত সীমা পেরিয়ে গেলে নতুন SIM আর দেওয়া যাবে না। ধরা যাক, আপনার নামে Airtel-এর চারটি এবং Jio-র দু’টি SIM রয়েছে। তা হলে মোট ছ’টি মোবাইল নম্বর। অর্থাৎ কোন সংস্থার SIM ব্যবহার করছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনার নামে থাকা সমস্ত মোবাইল সংযোগই হিসাবের মধ্যে পড়বে।
আগে নতুন SIM নেওয়ার সময় আধার বা অন্যান্য প্রয়োজনীয় নথি দেওয়া যথেষ্ট ছিল। এখন তার পাশাপাশি সিস্টেমে দেখা হবে, আপনার নামে আগে থেকেই কতগুলি মোবাইল নম্বর চালু রয়েছে। আপনার নামে ৯টির কম SIM থাকলে আতঙ্কের কোনও কারণ নেই।
ছবি দিয়ে পরিচয় যাচাই
নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ছবি ব্যবহার করে পরিচয় ভেরিফিকেশন। এর জন্য DoT-এর Digital Intelligence Platform (DIP) ব্যবহার করা হবে। রিপোর্ট অনুযায়ী, ২৩ অগাস্ট থেকেই যাঁদের নামে নির্ধারিত সংখ্যার কাছাকাছি বা সেই সীমা পর্যন্ত মোবাইল সংযোগ রয়েছে, তাঁদের ছবি টেলিকম সংস্থাগুলির কাছে থাকবে। প্রতিদিন নতুন সিমের আবেদন এবং নিজেদের সিস্টেমে থাকা তথ্যের সঙ্গে ওই ছবি মিলিয়ে দেখতে হবে টেলিকম সংস্থাগুলিকে।
পুরনো SIM কি বন্ধ হয়ে যাবে?
ধরা যাক, কোনও ব্যক্তির নামে ১০টি বা তারও বেশি SIM রয়েছে। তা হলে কি তাঁর সব ক’টি নম্বরই বন্ধ হয়ে যাবে? আপনার নামে আগে থেকে থাকা সব নম্বর বন্ধ হবে না। ভুল করে নির্ধারিত সীমার বেশি নতুন সংযোগ দেওয়া থাকলে সেটা সাসপেন্ড হবে। ৩০ নভেম্বরের মধ্যে এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করে রিয়েল-টাইম ভেরিফিকেশনের ব্যবস্থা করতে হবে টেলিকম সংস্থাগুলিকে।