সিম কার্ডের নয়া নিয়মসোমবার, ২৪ অগাস্ট থেকে মোবাইল সিম কার্ড সংক্রান্ত নিয়মে একটি বড় পরিবর্তন এসেছে। যদিও ৯টি সিম কার্ডের সীমা নতুন নয়, সরকার এখন এই নিয়মটি আরও কঠোর ভাবে প্রয়োগ করছে। আপনি যদি নতুন সিম কার্ড নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ টেলিকম, সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ২৪ অগাস্ট থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশিকা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এখন থেকে নতুন মোবাইল সংযোগ দেওয়ার আগে কোম্পানিগুলিকে যাচাই করতে হবে, একজন গ্রাহকের নামে ইতিমধ্যেই কতগুলি সিম কার্ড চলছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশের বেশিরভাগ অংশে একজন ব্যক্তি সর্বোচ্চ ৯টি মোবাইল কানেকশন রাখতে পারবেন। এই সংখ্যাটি শুধু একটি কোম্পানির সিম কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। আপনার কাছে জিও, এয়ারটেল, ভোদাফোন আইডিয়া বা অন্য কোনও কোম্পানির কানেকশন থাকুক না কেন, মোট সংখ্যাটিই গণনা করা হবে। জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর পূর্বের কিছু লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা এলকায় এই সীমা হল ৬টি মোবাইল কানেকশন।
সিম কার্ড নেওয়ার নির্ধারিত সীমা অতিক্রম করলে নম্বর বন্ধ হবে?
আপনার নামে যদি ইতিমধ্যেই ৯টি নম্বর থাকে এবং আপনি দশম সিম নিতে যাচ্ছেন, তাহসে কোম্পানি আপনাকে নতুন কানেকশন দিতে অস্বীকার করবে। এটি করার জন্য টেলিকম কোম্পানিগুলি সরকারের ডিজিটাল ইন্টালিজেন্স প্ল্যাটফর্ম বা DIP ব্যবহার করবে। এই প্ল্যাটফর্মটি বিভিন্ন টেলিকম কোম্পানির গ্রাহকদের কানেকশনের তথ্য একত্রিত করে সেগুলি যাচাই করবে।
এবার শনাক্তকরণ প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। DoT-এর নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক সিম কার্ড ব্যবহারকারী গ্রাহকদের প্রতিনিধিত্বমূলক ছবি DIP-তে উপলব্ধ করা হচ্ছে। টেলিকম কোম্পানিগুলি এটি ব্যবহার করে তাদের শনাক্ত করবে, যাদের কাছে আগে থেকেই একটি নির্দিষ্ট সংখ্যক সিম কার্ড রয়েছে এবং যারা নতুন কানেকশন নেওয়ার চেষ্টা করছেন।
প্রাথমিক ভাবে এই যাচাইকরণ প্রক্রিয়াটি পুরোপুরি রিয়েল টাইম হবে না। টেলিকম কোম্পানিগুলিকে সাময়িক ভাবে একটি পোস্ট ভেরিফিকেশন সিস্টেম বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে একটি রিয়েল টাইম এনরোলমেন্ট এবং অ্যাক্টিভেশন সিস্টেমের সঙ্গে একীভূত করতে হবে।
এর মধ্যে যদি কোনও টেকনিক্যাল কারণে নির্ধারিত সীমার চেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে গেলে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সেই কানেকশন তাৎক্ষণিক ভাবে স্থগিত করা যেতে পারে।