Sodium Metal Fast Charging Battery: ৪ মিনিটে ফুল চার্জ হবে যে কোনও গ্যাজেট-গাড়ি, লিথিয়ামের বদলে বাজারে আসছে সোডিয়াম ব্যাটারিSodium Metal Fast Charging Battery: স্মার্টফোনের দুনিয়া কাঁপাতে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, এ বার চার্জিংয়ের সংজ্ঞাটাই বদলে যেতে চলেছে। এতদিন যেখানে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল চার্জে বসিয়ে রাখতে হতো, সেখানে এবার চোখের নিমেষে মাত্র চার মিনিটে কেল্লাফতে হবে। এমনই এক তাক লাগানো নতুন সোডিয়াম মেটাল ব্যাটারি তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন চিনের বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণা শেষে তাঁরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা মোবাইল বা ল্যাপটপ থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি চার্জিংয়ের দুনিয়ায় এক চরম বিপ্লব নিয়ে আসতে পারে।
বর্তমানে আমাদের ব্যবহৃত স্মার্টফোন, ল্যাপটপ কিংবা বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু এই লিথিয়ামের দাম আকাশছোঁয়া, তা ছাড়া মুষ্টিমেয় কয়েকটি দেশের হাতেই এর ভাঁড়ার বন্দি রয়েছে। এই বিপুল খরচ আর জোগানের ঘাটতি মেটাতেই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সস্তা এবং নিরাপদ বিকল্প খুঁজছিলেন।
চিনের এই নতুন আবিষ্কারে সেই লিথিয়ামের জায়গায় সোডিয়াম ব্যবহার করা হয়েছে, যা আমাদের পৃথিবীতে অত্যন্ত সহজলভ্য এবং এর দামও নামমাত্র। আর এই কারণেই পরিবেশবান্ধব ও সস্তা শক্তির উৎস হিসেবে সোডিয়াম মেটাল ব্যাটারিকে ভবিষ্যৎ প্রযুক্তির সেরা হাতিয়ার বলা হচ্ছে।
এই ম্যাজিক ব্যাটারি নিয়ে দীর্ঘ আলোচনার কারণ হলো এর অতি দ্রুত চার্জ নেওয়ার ক্ষমতা, যা মাত্র চার মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যেতে পারে। চিনের বিজ্ঞানীরা এই ব্যাটারিতে এক বিশেষ ধরনের কয়াসি সলিড জেল ইলেক্ট্রোলাইট তৈরি করে ব্যবহার করেছেন। এই নতুন প্রযুক্তি ব্যাটারির ভেতরে ক্রিস্টাল বা ডেনড্রাইটস নামক ক্ষতিকারক উপাদান তৈরি হওয়া আটকে দেয়, যার ফলে ব্যাটারির কর্মক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে এবং ভেতরে শর্ট সার্কিট হওয়ার কোনো আশঙ্কা থাকে না।
তবে চমকপ্রদ এই প্রযুক্তিটি এখনই বাজারে আসছে না, কারণ এটি এখনও গবেষণাগারের স্তরে রয়েছে এবং মূল বাজারে নামতে কিছুটা সময় লাগবে। তবে এটি যখন পুরোপুরি বাণিজ্যিক রূপ পাবে তখন সৌরবিদ্যুৎ কিংবা বায়ুবিদ্যুতের মতো সবুজ শক্তির সঞ্চয়ে এবং বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় এক অভাবনীয় জোয়ার আসবে।