tvs armadoবিশ্ববাজারে নতুন কার্গো ট্রাইসাইকেল আনল টিভিএস। সংস্থার দাবি, এই তিন চাকার গাড়িতে এক টন পর্যন্ত মাল বহন করা সম্ভব। গাড়িটির নাম TVS Armado। মূলত গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার কথা মাথায় রেখেই এটি তৈরি করেছে সংস্থা। আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন বাজারে এই মডেলটি লঞ্চ করা হবে। গাড়িটির নকশা অভিনব। বাইক ও টেম্পো একই গাড়িতে। Armado-র মাধ্যমে বাণিজ্যিক যানের বাজারে নিজেদের ব্যবসা আরও বাড়াতে চাইছে টিভিএস। এতে রয়েছে ২০০ সিসির অয়েল-কুলড ইঞ্জিন। পাশাপাশি রয়েছে ২ মিটার লম্বা কার্গো বেড এবং ২৩০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
TVS Armado-তে রয়েছে ২০০ সিসির অয়েল-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১০.৬ কিলোওয়াট (প্রায় ১৪.২ বিএইচপি) শক্তি এবং ১৫.৫ এনএম টর্ক পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। গাড়িটিতে দেওয়া হয়েছে ১৬ লিটারের জ্বালানি ট্যাঙ্ক। সংস্থার দাবি, বাণিজ্যিক ব্যবহারের কথা মাথায় রেখেই ইঞ্জিনটি তৈরি। ভারী মাল বহন, যানজট এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও যাতে গাড়িটি সহজে চলতে পারে, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন এই তিন চাকার গাড়ি?
এই ট্রাইসাইকেলের অন্যতম আকর্ষণ হল দু'মিটার লম্বা কার্গো বেড। টিভিএসের দাবি, এতে এক টন পর্যন্ত মাল বহন করা সম্ভব। বিভিন্ন ধরনের পণ্য রাখার জন্য এতে পর্যাপ্ত জায়গা রয়েছে। কার্গো বেডটি তিন দিক থেকে খোলা যায়। ফলে সহজেই মাল ওঠানো এবং নামানো সম্ভব। বিশেষ করে যেখানে পার্কিংয়ের জায়গা কম, সেখানে এই সুবিধা বেশ কার্যকর হতে পারে। এছাড়াও গাড়িটিতে রয়েছে ২৩০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সংস্থার মতে, এই বৈশিষ্ট্যগুলি বিভিন্ন ধরনের রাস্তা ও পরিস্থিতিতে গাড়িটির ব্যবহার আরও সুবিধাজনক করে তুলবে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইউএসবি চার্জিং পোর্ট। সবমিলিয়ে, বাণিজ্যিক পণ্য পরিবহণের বাজারে নতুন বিকল্প হিসেবে TVS Armado-কে তুলে ধরতে চাইছে সংস্থা।
দাম কত?
এবার আসল প্রশ্ন, আর্মাডোর দাম কত। গাড়িটি ভারতের বাজারে এখনও আসেনি। কবে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। বিভিন্ন বাজারে এর দামও আলাদা হতে পারে।