নতুন ফিচার এনে চমকে দিল WhatsAppআজকাল প্রায় সকলের ফোনেই হোয়াটসঅ্যাপের ব্যবহার হয়। এই মেসেজিং অ্যাপে কাউকে মেসেজ করতে ফোন নম্বর থাকা আবশ্যক। মেসেজ প্রাপক বার্তা পাঠানো ব্যক্তির ফোন নম্বর দেখতেও পান। কিন্তু এবার WhatsApp চালু করছে এক নয়া ফিচার। যার মাধ্যমে নম্বর গোপন রেখেও কাউকে মেসেজ করা যেতে পারে।
এই ফিচারটি বর্তমানে কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে এবং শীঘ্রই এটি সকলের জন্য চালু করা হবে বলে জানা গিয়েছে। আসলে নতুন পরিকল্পনায় WhatsApp একটি নতুন ইউজারনেম ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নম্বর শেয়ার না করেই চ্যাট করতে পারবেন।
তবে WhatsApp-এ এই ফিচর সম্প্রতি চালু হলেও ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামে অনেক আগে থেকেই ইউজারনেম ব্যবহারের সুবিধা রয়েছে। টেলিগ্রামে ব্যবহারকারীরা তাদের ফোন নম্বর গোপন রেখে যোগাযোগ করতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত এই সুবিধাটি ছিল না।
ফোন নম্বর হাইড থাকলে কী কী সুবিধা পাওয়া যায়?
নতুন তথ্য অনুযায়ী, WhatsApp ব্যবহারকারীরা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই নিজেদের বিশেষ ইউজারনেম তৈরি করতে পারবেন। এর মানে হল, এখন কোনও ব্যক্তি নিজের ফোন নম্বর না দিয়েই কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই ফিচারটি তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে, যারা নিজেদের গোপনীয়তা নিয়ে চিন্তিত।
আসলে বর্তমানে অনেকেই WhatsApp-এ নম্বর নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। কারণ নানা ধরনের গ্রুপে যুক্ত থাকলে অনেকের কাছেই ফোন নম্বর চলে যায়, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। WhatsApp-এর এই নতুন ফিচার তাঁদেরকে দারুণ সুবিধা করে দেবে।
জানা যাচ্ছে, যদি কোনও ব্যবহারকারী নিজের ইউজারনেম পরিবর্তন করেন, তাহলে অন্য ব্যক্তিও এই তথ্যটি পাবেন। এই ফিচারের মাধ্যমে, যে কারো সঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজারনেম শেয়ার করতে পারেন। চ্যাটের সময় অন্য ব্যক্তি আপনার নম্বর দেখতে পাবেন না।
এই ফিচারের ফলে হোয়াটসঅ্যাপের ব্যবহারে কিছুটা পরিবর্তন আসতে পারে। বর্তমানে এটি একটি মোবাইল নম্বর-ভিত্তিক অ্যাপ, কিন্তু ইউজারনেম চালু হলে এটি আরও বেশি একটি সোশ্যাল প্ল্যাটফর্মের মতো হয়ে উঠতে পারে। এর ফলে মানুষ তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার না করেই সহজে নতুন মানুষের সঙ্গে যুক্ত হতে পারবে।
যদিও এর ফলে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যেমন ভুয়া প্রোফাইল তৈরি করা বা অন্য কারও পরিচয় ব্যবহার করা। ফলে এই বিষয়গুলি মাথায় রেখে WhatsApp কর্তৃপক্ষ ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই বিষয়ে কাজ করছে।