
খুব গরম পড়েছে। রোদের পাশাপাশি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। যার ফলে এই সময় অনেকেই এসির শরণাপন্ন হচ্ছেন। দিনের একটা বড় সময় এসি চালাচ্ছেন। আর মাসের শেষে যখন ইলেকট্রিক বিল আসছে, তখন মাথায় পড়ছে হাত।

মধ্যবিত্তের একটা বড় অংশই এসির বিল নিয়ে সমস্যায়। তাঁরা বুঝতেই পারছেন না, ঠিক কেন এসিতে এত ইলেকট্রিক পুড়ছে।

আর আজকের নিবন্ধে সেই উত্তরটাই দেব আমরা। জেনে নিন ঠিক কেন এসি চালিয়ে বেশি বিল ওঠে। সেই ভুলগুলি এবার শুধরে নিন।

প্রথমত, সারারাত একই তাপমাত্রায় এসি চালালে বিল বেশি আসবেই। তার বদলে এসির নাইট মোড ব্যবহার করুন। তাতে এসি বাইরের তাপমাত্রার সঙ্গে নিজের টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেবে।

অনেকেই এসি অনেক কম তাপমাত্রায় চালান। ২০ ডিগ্রির নীচে এসি চালান তাঁরা। আর এটাই বড় ভুল। এই কারণে এসির বিল আসে বেশি। তাই এখন থেকে ২৪ থেকে ২৬ ডিগ্রিতে এসি চালান।

এসির ফিল্টার নোংরা হলেও বিল আসতে পারে বেশি। তাই বিল বেশি হলে একবার এসির ফিল্টার চেক করে নিন। প্রয়োজনে পরিষ্কার করুন। নিজে না পারলে মেকানিক ডেকে করুন।

এসি চালিয়ে সিলিং ফ্যান বন্ধ রাখেন অনেকে। আর এই ভুলটা করলে গরম হাওয়া উপরে উঠতে থাকে। তখন এসিকে বেশি খাটতে হয় গরম বাতাস ঠান্ডা করার জন্য। তাই অবশ্যই এসি চালানোর পর অন্তত কিছুটা সময় ফ্যান অন করে রাখুন।

নিয়মিত এসি সার্ভিস করেন না অনেকে। তাতেই বিপদ বাড়ে। এসি বেশি ইলেকট্রিক খায়। তাই এই ভুল আর নয়। বরং নিয়মিত এসি সার্ভিস করুন।