
রান্না চাপিয়ে সবে মাংসটা জমিয়ে কষতে শুরু করেছেন, তার মধ্যেই যদি গ্যাস ফুরিয়ে যায়। সর্বনাশ হয়ে যাবে সেক্ষেত্রে। এ জন্য ভয়ে ভয়ে সিলিন্ডার খরচ করছেন গৃহিনীরা। কারণ বুকিং করলেও এখন কবে সিলিন্ডার পাওয়া যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু যদি আপনি সজাগ থাকেন এবং আগে থেকেই জানেন, কতটা গ্যাস আছে আপনার কাছে, তাহলে সেই বুঝে খরচ করতে পারবেন।

তবে সিলিন্ডারে ঠিক কতটা গ্যাস আছে, তা কি বাইরে থেকে দেখে বোঝা সম্ভব?

তবে সহজ একটা উপায় রয়েছে, যাতে উপায়ে আপনি দেখে নিতে পারবেন যে সিলিন্ডারে কতটা গ্যাস বাকি আছে।

রান্নার সময় লাল আগুন উঠতে দেখলে বুঝতে পারবেন, হয় ওভেনে বা বার্নারে ময়লা জমেছে, নয় তো গ্যাস ফুরিয়ে এসেছে। তাহলে আপনাকে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যেতে হবে।

সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে এসেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে একটা সহজ কৌশল কাজে লাগিয়ে দেখুন। এর জন্য প্রথমে সিলিন্ডারটিকে ভাল করে মুছে ফেলতে হবে।

প্রথমে সিলিন্ডার ভাল করে মুছে নেওয়ার পর সেটিকে আর একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে আপদমস্তক মুছে ফেলতে হবে।

এবার ভিজে সিলিন্ডারটিকে শুকোতে দিতে হবে। সিলিন্ডার শুকানো হওয়ার সময়ে সেটিকে ভাল করে লক্ষ্য করতে হবে। সিলিন্ডারের যে অংশের ভেজা ভাব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বুঝবেন ওই অংশটায় গ্যাস নেই।

সিলিন্ডারের যে অংশটার ভেজা ভাব থাকবে এবং শুকাতে দেরি হবে, বুঝতে হবে ওই অংশটুকুতে গ্যাস অবশিষ্ট রয়েছে।

আসলে সিলিন্ডারের ভিতরে গ্যাস তরল অবস্থায় থাকে। ওই তরল গ্যাসের তাপমাত্রা বাইরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেকটা কম। তাই ওই অংশের সিলিন্ডারের ভিজে ভাব শুকোতে বেশি সময় লাগবে।