
খুব গরম পড়েছে। আর এই পরিস্থিতিতে অনেকেই এসি চালিয়ে শান্তিতে সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিলের চিন্তাও করছেন রাতে শুয়ে শুয়ে। কারণ, নিয়মিত এসি চালালে যে বিল বেশি আসতে বাধ্য।

কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক ঠাক টেম্পারেচারে এসি চালালে ইলেকট্রিক বিল খুব একটা বেশি আসার কথা নয়। তাই এসি চালাতে হবে সঠিক তাপমাত্রায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসির তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি পর্যন্ত বাড়ালে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল কম আসতে পারে। তাহলে বুঝতেই পারছেন বুদ্ধি করে এসি চালালে পকেটের উপর চাপ কমবে।

এখন প্রশ্ন হল, এসি ঠিক কত তাপমাত্রায় চালালে বিদ্যুৎ বিল আসবে কম? তার উত্তরে বলি, মোটামুটি ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান। তাতেই কাজ হবে। কমবে ইলেকট্রিক বিল।

ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি এর মতে, মানুষের শরীরের জন্য এসির সঠিক তাপমাত্রা হল ২৪ ডিগ্রি। এতে স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি কম্প্রেসারের উপর চাপ পড়ে কম।

এখানে একটা ভুল অনেকেই করে থাকেন। তারা এসি চালানোর সময় ১৬ থেকে ১৮ ডিগ্রি টেম্পারেচারে রাখেন। ভাবেন তাতে দ্রুত ঠান্ডা হবে ঘর। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। এতে এসির বিদ্যুতের বিল বেশি আসে।

আর একটা কথা, এসির সঙ্গে অবশ্যই সিলিং ফ্যান চালাবেন। তাতে ঘরের অন্দরে দ্রুত ছড়িয়ে পড়বে ঠান্ডা বাতাস। বিদ্যুৎ খরচ কমে যাবে।

এসি চালানোর পর ঘরের দরজা খুব বেশিবার খুলবেন না। এমনটা করলে ঘর গরম হয়ে যাবে। বিল আসতে পারে বেশি। তাই এই কয়েকটি টিপস মাথায় রাখুন।