অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (ছবি: আইটিজি)অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন, একটি পরিবারের ২ জন মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তার বেশি সংখ্যক মহিলা পাবেন না টাকা।
একই নিয়মের কথা তিনি জানালেন ভরসা স্কিমের ক্ষেত্রেও। এই প্রকল্পেও একটি পরিবারের ২ জন সরকারি ভাতা পেতে পারেন। তার বেশি সদস্য পাবেন না।
চলছে ঝাড়াইবাছাই
অন্নপূর্ণা যোজনায় এখনও ঝাড়াইবাছাই চলছে। অযোগ্য প্রাপকদের তালিকা থেকে বাদ দিতে চাইছে সরকার। সেই সঙ্গে একই পরিবারের ৪ থেকে ৫ জন যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা না পায়, সেটাও নিশ্চিত করতে চাইছে তারা। সেই মতো একবারে নতুন নিয়মের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নতুন ভরসা প্রকল্প
ভরসা প্রকল্পের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত তৃণমূল কংগ্রেস সরকার বেকার যুবক ও যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করে। আর সেই প্রকল্পের নাম পরিবর্তন করল নতুন বিজেপি সরকার। এবার বেকারদের এই প্রকল্পের নাম রাখা হয়েছে ভরসা কর্মসূচি।
এই প্রকল্পের নোডাল দফতর হল যুবকল্যাণ দফতর। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমলে প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতী মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পেতেন। তবে বিজেপি সরকারের আমলে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট বা আইটিআইতে ডিপ্লোমা করছেন, স্নাতক পাস বেকাররা মাসে ২,০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, স্নাতক নন এমন যুবক-যুবতীদের দেওয়া হবে মাসে ১,৫০০ টাকা। আগামী জানুয়ারি থেকে এক বছরের জন্য এই টাকা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগের সরকারের আমলে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের ডকুমেন্ট নতুন করে যাচাই করা হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এরপর জানুয়ারি থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
কীভাবে অ্যাপ্লাই করবেন?
যাঁরা আগে এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাননি, তাঁরা পারবেন। এমনকী কোনও কারণে ভাতা থেকে বঞ্চিত হলেও নতুন করে আবেদন করা যাবে। সেক্ষেত্রে 'আপনার সরকার আপনার পাশে' শিবিরে গিয়ে নতুন করে আবেদন করতে পারবেন।
দুই ভাতা একসঙ্গে পাওয়া যাবে না
অন্নপূর্ণা যোজনার ভাতা পাচ্ছেন, তাহলে নতুন করে ভরসা কর্মসূচির আওতায় কোনও টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একই সঙ্গে দু'টি প্রকল্পের ভাতা নেওয়া যাবে না। অন্নপূর্ণা যোজনায় যাঁরা মাসে ৩,০০০ টাকা পান, তাঁরা সেই সুবিধাই পাবেন।