নয়া রূপে ফিরল হোন্ডা সিটি ২০২৬। 2026 Honda City Facelift: একসময় ভারতে গাড়ি বলতে লোকে ছোটখাটো হ্যাচব্যাকই বুঝত। তবে, ২০০০ এর দশকে ভারতীয় গাড়ির বাজারই বদলে দিয়েছিল হোন্ডা। 'এন্ট্রি লেভেল লাক্সারি সেডান', আস্ত একটি সেগমেন্টই তৈরি করেছিল সেই গাড়ি। নাম হোন্ডা সিটি(Honda City)। সেই মধ্যবিত্তের স্বপ্নের গাড়িই এবার নতুন রূপে ফিরল বাজারে। হোন্ডা সিটি ফেসলিফ্ট ২০২৬ লঞ্চ করল Honda Cars India। দাম শুরু ১১.৯৯ লক্ষ টাকা থেকে।
ভারতে এক সময় হোন্ডা সিটি মানেই একটা স্ট্যাটাস সিম্বল ছিল। গ্রাম-মফস্বলে এমনও শোনা যায় যে, পাড়ায় কারও বাড়িতে হোন্ডা সিটি এলেই লোকে তাকিয়ে দেখত। চাকরিজীবী, পেশাদার মধ্যবিত্তদের কাছে এই গাড়ি ছিল সাফল্যের প্রতীক। ‘প্রিমিয়াম’ অনুভূতি মধ্যবিত্তের নাগালে। আর সেই আবেগকেই আরও আধুনিক মোড়কে ফিরিয়ে আনতে চাইছে হোন্ডা।
নতুন সিটির ডিজাইনে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। সামনের অংশে নতুন Bi-LED প্রজেক্টর হেডল্যাম্প, কানেক্টেড LED লাইট বার এবং নতুন গ্রিল ডিজ়াইন দেওয়া হয়েছে। তবে অটোমোবাইল মহলের একাংশের নজর কেড়েছে একটি বিষয়। গাড়ির সামনের LED অ্যাকসেন্ট লাইটের ডিজ়াইনে প্রতিদ্বন্দ্বী Hyundai Verna-র সঙ্গে বেশ মিল খুঁজে পাচ্ছেন অনেকে। বিশেষ করে কানেক্টেড LED লাইট স্ট্রিপ এবং ফ্রন্ট ফেসিয়ার স্টাইলিংয়ে সেই ছাপ স্পষ্ট বলেই মত নেটমাধ্যমের একাংশের।
হোন্ডা অবশ্য জানিয়েছে, নতুন সিটির ডিজ়াইনে আরও স্পোর্টি এবং প্রিমিয়াম লুক আনার দিকেই জোর দেওয়া হয়েছে। আগের তুলনায় গাড়ির দৈর্ঘ্যও কিছুটা বেড়েছে। নতুন ১৬ ইঞ্চির ডুয়াল-টোন অ্যালয় হুইল, Z-edge LED টেল ল্যাম্প এবং স্পোর্টি বাম্পার ডিজ়াইন যোগ হয়েছে।
কেবিনেও এসেছে একাধিক বদল। নতুন ১০.১ ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস Apple CarPlay এবং Android Auto, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড সিট, ওয়্যারলেস চার্জিং, সানরুফ-সহ একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে Honda Sensing ADAS প্রযুক্তিও।
ইঞ্জিনে অবশ্য বড় কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই ১.৫ লিটার i-VTEC পেট্রোল ইঞ্জিন থাকছে। ম্যানুয়াল এবং CVT; দু’ধরনের গিয়ারবক্স অপশন পাওয়া যাবে। পাশাপাশি হাইব্রিড e:HEV ভার্সনও রাখা হয়েছে। সংস্থার দাবি, হাইব্রিড মডেল এক লিটার তেলে প্রায় ২৭.২৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
শুধু সিটি নয়, এ দিন ভারতে তাদের নতুন হাইব্রিড SUV Honda ZR-V e:HEV-ও প্রদর্শন করেছে হোন্ডা। সংস্থার দাবি, ভারতের বাজারে আরও প্রিমিয়াম এবং হাইব্রিড গাড়ির দিকে জোর দিতেই এই পদক্ষেপ।
বর্তমানে SUV-র বাজার দ্রুত বাড়ছে। অনেক সংস্থাই সেডান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সেই আবেগ এখনও হারায়নি। আজও বহু ভারতীয়ের কাছে হোন্ডা সিটি শুধু একটি গাড়ি নয়, বরং এক টুকরো নস্ট্যালজিয়া। এই গাড়ি কোনও এক অফিসফেরতা বাবার স্বপ্ন, কোনও পরিবারের প্রথম বড় গাড়ি, কিংবা প্রথম লং ড্রাইভের স্মৃতি।