বিভিন্ন কর্মী ও পেনশনভোগী সংগঠনের তরফে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর করার দাবি জানানো হয়েছে। 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের বড় খবর। ৮ম বেতন কমিশন ঘিরে আলোচনা চলছে। এর মধ্যেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি করছেন কর্মী-পেনশনপ্রাপকরা। বিভিন্ন কর্মী ও পেনশনভোগী সংগঠনের তরফে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর করার দাবি জানানো হয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে বড় পরিবর্তন আসতে পারে।
বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। এর ফলে ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। এ বার ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ন্যূনতম বেসিক বেতন প্রায় ৬৮,৯৪০ টাকা হতে পারে। অর্থাৎ বর্তমান ১৮,০০০ টাকার তুলনায় বৃদ্ধি হবে ৫০,৯৪০ টাকা।
তবে মনে রাখতে হবে, এটি এখনও প্রস্তাবিত হিসাব। ৮ম বেতন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই বেতন বৃদ্ধিকে নিশ্চিত বলা যাবে না।
৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর চাইছেন কর্মী-পেনশনপ্রাপকরা
৮ম বেতন কমিশনের বৈঠকে কর্মী এবং পেনশনভোগীদের একাধিক দাবি উঠে আসছে। তার মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর অন্যতম গুরুত্বপূর্ণ।
বিভিন্ন কর্মী সংগঠন ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে National Council-Joint Consultative Machinery বা NC-JCM, All India Defence Employees Federation এবং All India New Pension Scheme Employees Federation-এর মতো সংগঠন।
পেনশনভোগীদের সংগঠনগুলিও একই ধরনের দাবি তুলেছে।
ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী?
সহজ ভাষায় বললে, পুরনো বেসিক বেতনকে নতুন বেসিক বেতনে বদলানোর ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়।
এর হিসাব খুব সহজ।
বর্তমান বেসিক বেতন × ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক বেতন।
সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই হিসাবে ৬ষ্ঠ বেতন কমিশনের ৭,০০০ টাকা ন্যূনতম বেসিক বেতন বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।
এ বার ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি মানা হলে হিসাব অনেকটাই বদলে যাবে।
১৮,০০০ টাকা থেকে প্রায় ৬৯ হাজার!
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা। ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসাব করলে;
১৮,০০০ × ৩.৮৩ = ৬৮,৯৪০ টাকা।
অর্থাৎ ন্যূনতম বেসিক বেতন প্রায় ৬৯ হাজার টাকা হতে পারে। বর্তমান বেসিকের তুলনায় পার্থক্য প্রায় ৫০,৯৪০ টাকা।
তবে এটি হাতে পাওয়া মোট বেতন নয়। বেসিক বেতনের সঙ্গে DA, HRA এবং অন্যান্য ভাতা যোগ হয়। আবার নতুন বেতন কাঠামোয় এই ভাতাগুলির হিসাব কী ভাবে হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
অন্য লেভেলের কর্মীদের বেতন কত হতে পারে?
৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসাব করলে বিভিন্ন পে লেভেলের বেসিক বেতনেও বড় পরিবর্তন দেখা যেতে পারে।
লেভেল-২-এর ১৯,৯০০ টাকা বেসিক প্রায় ৭৬,২১৭ টাকা হতে পারে। লেভেল-৩-এ ২১,৭০০ টাকা বেড়ে প্রায় ৮৩,১১১ টাকা হতে পারে।
লেভেল-৪-এ ২৫,৫০০ টাকা থেকে বেসিক প্রায় ৯৭,৬৬৫ টাকা হওয়ার হিসাব করা হচ্ছে। লেভেল-৫-এ ২৯,২০০ টাকা থেকে তা প্রায় ১,১১,৮৩৬ টাকা হতে পারে।
লেভেল-৬-এ ৩৫,৪০০ টাকা বেসিক বেড়ে প্রায় ১,৩৫,৫৮২ টাকা হতে পারে।
তবে এগুলিও ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে করা সম্ভাব্য হিসাব। চূড়ান্ত বেতন কাঠামো তৈরি হলে সংখ্যাগুলি বদলাতে পারে।
পেনশনপ্রাপকদেরও কি লাভ হবে?
শুধু কর্মীরা নন। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে পেনশনভোগীদের উপরও তার প্রভাব পড়তে পারে। কারণ নতুন পেনশন কাঠামো তৈরির সময় সংশোধিত বেসিকের হিসাব গুরুত্বপূর্ণ।
প্রস্তাবিত ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে উদাহরণ হিসাবে বলা হচ্ছে, ২৫,০০০ টাকা পেনশন বেড়ে প্রায় ৯৫,৭৫০ টাকা হতে পারে।
তবে এখানেও একই কথা প্রযোজ্য। এটি চূড়ান্ত পেনশন নয়। ফিটমেন্ট ফ্যাক্টর, পেনশন সংশোধনের নিয়ম এবং অন্যান্য সরকারি সিদ্ধান্তের উপর প্রকৃত অঙ্ক নির্ভর করবে।
কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে?
৮ম বেতন কমিশন নিয়ে বিভিন্ন বৈঠক চলছে। কর্মী, পেনশনভোগী এবং অন্যান্য অংশীদারদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। এরপর কমিশন তাদের সুপারিশ তৈরি করবে।
চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার পরই কেন্দ্রীয় সরকার বেতন ও পেনশন সংক্রান্ত পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নেবে। ফলে এখনই ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না।