অষ্টম বেতন কমিশনে অবসরপ্রাপ্তরাও বকেয়া পাবেন?অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে অনেক প্রশ্ন। বিশেষত, অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের জিজ্ঞাসা হল, তাঁরা কি আদৌ বকেয়া বেতন পাবেন? আর সেই প্রশ্নের উত্তরটা জানতে অবশ্যই পড়তে হবে প্রতিবেদনটি।
ইতিমধ্যেই সরকার জানিয়েছে, অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। কিন্তু কমিশন কবে রিপোর্ট জমা দেবে, সেটা এখনও নিশ্চিত করা হয়নি। কমিশন এখনও বিভিন্ন শহরে কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে। তাদের দাবিগুলো বোঝার চেষ্টা করছে। এরই মধ্যে একাংশের পেনশনার্সদের প্রশ্ন, আদৌ কি বকেয়া বেতন পাওয়া যাবে?
ধরুন একজন কর্মচারী ২০২৭ সালে অবসর গ্রহণ করলেন। আর সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিল। সেক্ষেত্রে ওই কর্মচারী ১ জানুয়ারি, ২০২৬ থেকে অবসর গ্রবণের তারিখ পর্যন্ত সময়ের জন্য পুরনো ও সংশোধিত বেতনের পার্থক্য বা বকেয়া বেতন পেতে পারেন।
যদিও এটা সম্পূর্ণভাবে সরকারের চূড়ান্ত নির্দেশ ও বকেয়া দেওয়ার নিয়মের উপর নির্ভর করবে। শুধুমাত্র একটি তারিখ নির্ধারণ করলেই সব হয়ে যাবে না। অষ্টম বেতন কমিশনের অধীনে যেই যেই নিয়ম রাখা হবে, সেগুলি মেনেই বেতন ও পেনশন দেওয়া হবে। তারপরই বোঝা যাবে কারা টাকা পাবেন, আর কারা নয়।
প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছে রেওয়া
অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি (রেওয়া) ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে। তারা অবসর নেওয়া কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। পেনশন সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বর্ধিত পেনশন পাবেন।
সমিতিটি কমিশনের কাজের পরিধিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছে। যাতে ১ জানুয়ারি, ২০২৬-এর আগে অবসর গ্রহণকারী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের পেনশন সংশোধন প্রক্রিয়ায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়। পেনশনভোগীদের মধ্যে উদ্বেগ থেকেই এই দাবি সামনে এসেছে। তাদের একটা অংশ আশঙ্কা করছেন যে তাদের অবসরের তারিখ নতুন বেতন কমিশনের সুবিধা থেকে বঞ্চিত করতে পারে।
সিদ্ধান্ত কখন নেওয়া হবে?
অষ্টম বেতন কমিশন বর্তমানে তার রিপোর্ট প্রস্তুত করছে। তারা বিভিন্ন সংস্থার উদ্বেগগুলো বোঝার জন্য তাদের সঙ্গে বৈঠক করছে। এই দাবি ও উদ্বেগের ভিত্তিতে কমিশন তার রিপোর্ট তৈরি করবে। প্রতিবেদনটি সম্পূর্ণ হলে তা সরকারের কাছে পেশ করা হবে। পূর্ণ মন্ত্রিসভা এটি নিয়ে আলোচনা করবে। তারপর এর বাস্তবায়ন ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, অষ্টম বেতন কমিশনকে ১৮ মাসের মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে। এর মধ্যে ১২ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও কোনও তথ্য জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কমিশন প্রতিবেদন জমা দিতে দেরি করতে পারে।