নতুন বেতন কত হবে? পেনশন কতটা বাড়তে পারে? অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের প্রত্যাশা তুঙ্গে। নতুন Salary কত হবে? পেনশন কতটা বাড়তে পারে? ইন-হ্যান্ডই বা কত বদলাবে? এই প্রশ্নগুলির এখনও কোনও ফাইনাল উত্তর মেলেনি। কারণ, বেতন ও পেনশন বৃদ্ধির অঙ্ক, পুরোটাই নির্ভর করছে ৫ টি মূল বিষয়ের উপর।
প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে ২০২৭ সালের মে মাসের মধ্যে রিপোর্ট জমা পড়তে পারে। প্রায় ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী এই কমিশনের আওতায় রয়েছেন। তবে বেতন বৃদ্ধি কত হবে, তা এখনও স্থির হয়নি।
১. দেশের অর্থনীতি ও সরকারি কোষাগার
দেশের আর্থিক বৃদ্ধি, মূল্যবৃদ্ধি এবং রাজকোষ ঘাটতির মতো বিষয় খতিয়ে দেখবে কমিশন। সরকারি আয় ভাল থাকলে বেতন বৃদ্ধির সুযোগ বাড়তে পারে। কিন্তু কোষাগারে চাপ থাকলে বাড়তি খরচের হিসাবও করতে হবে সরকারকে।
২. উন্নয়ন প্রকল্পে খরচ
কর্মীদের বেতন-পেনশন বাড়ানোর পাশাপাশি রাস্তা, রেল, হাসপাতাল, শিক্ষা এবং জনকল্যাণমূলক প্রকল্পেও টাকা খরচ করতে হয়। তাই বেতন বাড়ানোর সঙ্গে অন্য খাতে খরচের ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ।
৩. পুরনো পেনশন প্রকল্পের দায়
পুরনো পেনশন প্রকল্পের আওতায় থাকা কর্মীদের পেনশন বাবদ খরচও গুরুত্বপূর্ণ। বেতন ও পেনশন বাড়লে সরকারের আর্থিক দায় বাড়তে পারে। তাই বর্তমান এবং ভবিষ্যতের পেনশন খরচ হিসাব করতে হবে কমিশনকে।
৪. রাজ্য সরকারগুলির আর্থিক অবস্থা
কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের প্রভাব রাজ্যগুলির উপরেও পড়তে পারে। রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বাড়ালে সংশ্লিষ্ট সরকারের খরচ বাড়বে। তাই বিভিন্ন রাজ্যের আর্থিক ক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
৫. বেসরকারি সংস্থার বেতন
সরকারি কর্মীদের বেতন কতটা উপযুক্ত, তা বুঝতে বেসরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেতনের সঙ্গে তুলনা করা হতে পারে। তবে তার ভিত্তিতেই সরকারি বেতন নির্ধারিত হবে, এমন নিশ্চয়তা নেই।
সপ্তম বেতন কমিশন
সপ্তম বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। অষ্টম কমিশনে বেসিক বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ও অন্যান্য সুবিধাও পর্যালোচনা হতে পারে।
রিপোর্ট জমা পড়ার পর সরকার সুপারিশগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তাই এখনই সমস্ত হিসেব চূড়ান্ত হিসেবে মেনে নিলে চলবে না।
বিঃ দ্রঃ - বিনিয়োগ, অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদন বাজার ও সামগ্রিক পরিস্থিতির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ মাত্র। এগুলি বিনিয়োগ বা অর্থনৈতিক পরামর্শ নয়।