আধার কার্ডের নিয়ম বদল১ জুলাই থেকে আধার কার্ডের নিয়মে বড় বদল আসছে। ওই দিন থেকে আধার আপডেটের নিয়ম বদলাচ্ছে। বিশেষত, যাঁরা নিজেদের আধার কার্ডের ইমেল আইডি বদলাতে চাইছেন, আপডেট করতে চাইছেন বা নতুন করে যোগ করতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানিয়েছে, আধারের ইমেল অ্যাড্রেস আপডেটের খরচ কিছুদিন নেওয়া হবে না। ১ জুলাই ২০২৬ থেকে আগামী ৬ মাস ইমেল আপডেট করার জন্য কোনও পয়সা দিতে হবে না।
কত খরচ ছিল?
আধার কার্ড আপডেটের জন্য ইউজার্সকে ৭৫ টাকা চার্জ দিতে হতো। কিন্তু ইউআইডিআই-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিনামূল্যে মিলবে এই সুবিধা। আর এই কাজটা করার জন্য আর আধার সেবা কেন্দ্রে যেতে হবে না। বরং মোবাইলের মাধ্যমেই আপডেটের কাজটা করা সম্ভব হবে।
কেন এই সিদ্ধান্ত নিল ইউআইডিএআই?
ডিজিটাল হয়ে উঠছে ভারত। এমন পরিস্থিতিতে ইমেল আইডি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ইউআইডিএআই চাইছে যত বেশি সংখ্যক মানুষ এই কার্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে নিক। এতে ওটিপি ভ্যারিফিকেশন, অনলাইন পরিষেবা এবং আধারের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য পরিষেবা মিলবে খুব সহজে।
কতদিন চলবে এই বিনামূল্যে পরিষেবা?
১ জুলাই থেকে বিনামূল্যে আধারে ইমেল অ্যাড্রেস জুড়ে নেওয়ার পরিষেবা শুরু হয়ে যাবে। প্রথমত ৬ মাস পর্যন্ত বিনামূল্যে মিলবে পরিষেবা। সেক্ষেত্রে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত ফ্রি-তে ইমেল আইডি আপডেট বা নতুন করে জুড়ে নিতে পারবেন।
মোবাইল থেকেই করা যাবে আপডেট
ইমেল আইডি আপডেটের জন্য আপনাকে আর আধার সেবা কেন্দ্রে দৌড়াতে হবে না। বরং ইউআইডিএআই মোবাইল অ্যাপের মাধ্যমেই এই সুবিধা পাবেন। যার ফলে ঝামেলা অনেকটাই কমবে।
কেন ইমেল জরুরি?
এখন শুধু মোবাইলেই আধার সংক্রান্ত ওটিপি আসে। তবে পরবর্তী সময় ইমেলেও আসবে ওটিপি। তাতে অনেক সুবিধা হবে।
মাথায় রাখতে হবে আধার কার্ড অত্যন্ত জরুরি একটা পরিচয়পত্র। এটি স্কুল থেকে শুরু করে ব্যাঙ্ক, অফিস- সব জায়গাতেই লাগে। তাই এই কার্ডটা আপডেট রাখা ভীষণ জরুরি। আর সেখানেই একটা বড় পরিষেবা এবার ফ্রি হয়ে গেল। তাই চিন্তার কোনও কারণ নেই।