এবার আধার কার্ডের নিয়মে বড় বদলআধার কার্ড সংক্রান্ত নিয়ম বদল করল কেন্দ্র। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার কার্ডে নাম পরিবর্তন ও আপডেট করার নিয়মে এবার বদল আনল।
১৮ সেপ্টেম্বর জারি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (Sop) -এ পুরোনো নিয়মগুলোকে বদল করা হয়েছে। নতুন নিয়মে নাম পরিবর্তনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে-র রিপোর্টে জানানো হয়েছে, ছোটখাটো সংশোধন, ডেটা এন্ট্রি অপারেটরের ভুল, বিবাহ বা বিবাহবিচ্ছেদের পর পদবি পরিবর্তন এবং পুরোনো নাম পরিবর্তনের জন্য আলাদা নথিপত্রের প্রয়োজন হবে। UIDAI স্পষ্ট করে জানিয়েছে, নাম পরিবর্তনের জন্য জমা দেওয়া নথি, হলফনামা এবং গেজেট নোটিফিকেশন যাচাই করার পরেই আবেদনটির ওপর পরবর্তী কাজ করা হবে।
প্রত্যেক আধার কার্ডধারীদেরই নতুন নিয়ম সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। এই নিয়মগুলি কী কী? জেনে নেওয়া যাক।
ছোটখাটো আপডেট
যদি ব্যক্তির পরিচয়ে কোনও পরিবর্তন না হয় এবং শুধুমাত্র নামের সামান্য পরিবর্তনের প্রয়োজন হয়, তবে এটিকে সামান্য নাম পরিবর্তন হিসেবে গণ্য করা হবে। সেই তালিকায় রয়েছে, আদ্যক্ষর সম্পূর্ণ করা, মধ্যনাম বা পদবি যোগ করা বা বাদ দেওয়া, বানান সংশোধন, যার উচ্চারণ প্রায় একই রকম।
এসব ক্ষেত্রে আধার কার্ডধারীদের পরিচয়পত্র (PoI) জমা দিতে হবে। এছাড়াও, ১৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে, পরিবারের প্রধানকে সম্পর্কের প্রমাণপত্রও দিতে হবে। ছোটখাটো পরিবর্তনের মধ্যে রয়েছে, ‘রাম’-কে ‘রামা’, ‘সৌম্য’-কে ‘সৌম্য’ করা বা মধ্যনাম যোগ করার মতো কাজ।
ডেটা এন্ট্রি-র ক্ষেত্রে হলফনামার প্রয়োজন
ডেটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে আধার কার্ড তৈরির সময় নাম ভুল এন্ট্রি হলে সেই প্রক্রিয়া আলাদা। ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিদের অবশ্যই একটি PoI বা PoR-এর সাথে একটি Annexure B হলফনামা জমা দিতে হবে। আবেদনকারী নাবালক হলে, তার পিতা-মাতা বা অভিভাবককে অবশ্যই PoI বা PoR-এর সাথে একটি Annexure C হলফনামা জমা দিতে হবে।
বিবাহ ও বিবাহবিচ্ছেদের পর পদবি পরিবর্তনের নিয়মাবলী
নতুন নিয়মের আওতায় যেসব মহিলা বিবাহ বা বিবাহবিচ্ছেদের পর তাদের পদবি পরিবর্তন করেন, তাদের অবশ্যই একটি ‘ডি’ হলফনামা এবং পরিচয়পত্র (POI) জমা দিতে হবে। হলফনামাটি নিশ্চিত করবে, পদবি পরিবর্তনটি বিবাহ বা বিবাহবিচ্ছেদের কারণে হয়েছে। এরফলে ওই ব্যক্তির পরিচয় বদলে যাচ্ছে না।
কিছু ক্ষেত্রে নাম বদলে কোনও নথি দরকার নেই
UIDAI এমন কিছু ক্ষেত্র সম্পর্কেও তথ্য দিয়েছে যেখানে নাম সংশোধন বা আপডেট করার জন্য কোনও নথিপত্রের প্রয়োজন নেই। এর মধ্যে রয়েছে নামের ভুল ক্যাপিটালাইজেশন সংশোধন করা, যেমন RaMesh-কে Ramesh-এ পরিবর্তন করতে কোনও ডকুমেন্টস লাগবে না।