রিচার্জের দাম বাড়িয়ে দিল কোম্পানিমোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ফের বড় বড় ধাক্কা। এবার জনপ্রিয় প্রিপেইড প্ল্যানের দাম বাড়াল এয়ারটেল। মজার বিষয় হল, কোম্পানির তরফে আচমকাই এই পরিবর্তন আনা হয়েছে। এরফলে রিচার্জ করতে গিয়ে সমস্য়ায় পড়েছে গ্রাহকেরা।
কোন প্ল্যানের দাম বৃদ্ধি করা হল?
রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল তাদের জনপ্রিয় ৮৪ দিনের প্ল্যানটি আপডেট করেছে। আগে এই প্ল্যানটির দাম ছিল ৮৫৯ টাকা। কিন্তু এখন এর দাম বাড়িয়ে করা হয়েছে ৮৯৯ টাকা। অর্থাৎ ৪০ টাকা বেড়েছে এই প্ল্যানের রেট। এছাড়াও, কোম্পানিটি ৭৯৯ টাকার প্ল্যানও সরিয়ে দিয়েছে। এর মানে হল, তিন মাসের রিচার্জ করতে হলে গ্রাহকদের খরচ আরও বাড়ছে।
এই প্ল্যানে কী কী পাওয়া যাবে?
দাম বৃদ্ধি করা সত্ত্বেও প্ল্যানে বড় কোনও পরিবর্তন আনা হয়নি। ব্যবহারকারীরা এখনও প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি SMS পাচ্ছেন। প্ল্যানটির মেয়াদও ৮৪ দিনই রয়েছে। এর মানে হল ব্যবহারকারীরা এখন বেশি দামেই একই পরিষেবা পাচ্ছেন।
কাদের উপর প্রভাব বেশি?
এই পরিবর্তনটি দীর্ঘমেয়াদী প্ল্যানের গ্রাহকদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে যারা প্রতি মাসে রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং ২-৩ মাসের প্ল্যান রিচার্জ করান, তাঁদের খরচ বেড়ে গেল।
টেলিকম শিল্পের বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধুমাত্র দাম বৃদ্ধির শুরু মাত্র। কোম্পানিগুলো নিজেদের রাজস্ব বাড়ানোর জন্য বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে ট্যারিফ বাড়াচ্ছে। তাই, আগামী দিনগুলোতে রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়াও তাদের প্ল্যান বাড়াতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
বিশেষ বিষয় হল, ক্রমবর্ধমান ৫জি নেটওয়ার্ক, পরিকাঠামো এবং অন্যান্য ব্যয় টেলিকম কোম্পানিগুলোর উপর খরচের চাপ বাড়িয়েছে। কোম্পানিগুলো এই চাপ ব্যবহারকারীদের ওপর চাপিয়ে দিচ্ছে। এ কারণেই গত কয়েক বছর ধরে রিচার্জ প্ল্যানের দাম ক্রমাগত বেড়েই চলেছে।