অন্নপূর্ণা ভাণ্ডার১ কোটি ৪৮ লক্ষ মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পেয়ে গিয়েছেন। এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তবে অনেকেরই এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকে আবেদন করার সুযোগও পাননি নতুন করে। সব প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণার টাকা ঢুকবে অ্যাকাউন্টে।
এ মাসে আরও বেশি সংখ্যক মহিলা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?
১ লক্ষ ৪৮ হাজার মহিলা অগাস্টে পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার। শুভেন্দু জানিয়েছেন, যোগ্য হিসেবে যাঁরা বিবেচিত হবেন ঝাড়াই-বাছাইয়ের পর তাঁরা সেপ্টেম্বরের তালিকায় যুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আরও মহিলা সেপ্টেম্বরে পেতে পারেন ৩ হাজার টাকা।
কবে নতুন করে অন্নপূর্ণার আবেদন করা যাবে?
এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করার পোর্টাল বন্ধ রয়েছে। অফলাইনেও নতুন করে এই সামাজিক প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। তবে নভেম্বর থেকে এই আবেদনের প্রক্রিয়া পুনরায় চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নভেম্বর এবং ডিসেম্বর মাসে আবারও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। এর জন্য জনকল্যাণ মূলক শিবির ফের চালু করা হবে। অনলাইন পোর্টালেও তখন করা যাবে আবেদন।
কাদের আবেদন সম্পূর্ণ বাতিল?
তৃণমূল সরকারের আমলে যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁদের আবেদন সম্পূর্ণ বাতিল। মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ যদি যোগ্য প্রাপক না-হন, তবে অবিলম্বে তাঁরা যেন সামাজিক প্রকল্পের সুবিধা ছেড়ে দেন। বিগত সরকারের আমলে সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে যে ওয়েটিং লিস্ট ছিল, তা পুরোপুরি বাতিল করেছে BJP সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবির কিংবা অনলাইনে কেবলমাত্র যে আবেদন জমা পড়েছে, সেগুলিই বিবেচনা করা হবে।
কারা ৩ নয় সাড়ে ৪ হাজার পাবেন?
বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতা পাবেন তা নয়, ২৫ থেকে ৬০ বছর বয়সিরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মোট সাড়ে চার হাজার টাকা করে পাবেন।
কারা ১৫০০-র বদলে ৩০০০ পাবেন?
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম লেখানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। যোগ্য হলে তাঁরা ১৫০০ টাকার পরিবর্তে মাসে ৩০০০ টাকা পাবেন।