অন্নপূর্ণা ভাণ্ডারের ₹৩০০০ আসতে দেরি হচ্ছে কেন?রাজ্যের বাড়ি বাড়ির রান্নাঘরে কান পাতলে এখন শোনা যাচ্ছে একটাই প্রশ্ন অন্নপূর্ণা ভাণ্ডার এ মাসে পাওয়া যাবে তো? বস্তুত গত দু'মাসে একেবারে মাসের প্রথম থেকেই শুরু হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা বিভিন্ন অ্যকাউন্টে আসা। কিন্তু অগাস্টের হিসেব বলছে অন্য তথ্য। অগাস্টের ৩ তারিখ পেরিয়ে ৪ তারিখ এলেও, এখনও বেশিরভাগ অ্যাকাউন্টেই আসেনি অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ। প্রায় কোনও মহিলা ৩ অগাস্ট পর্যন্ত টাকা পাওয়ার কথা জানাননি। এমতাবস্থায় তাঁদের প্রশ্ন, আদৌ টাকাটা পাওয়া যাবে তো?
কেন দেরি হচ্ছে?
কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসতে দেরি হচ্ছে, তা অবশ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে। বলা হয়েছে, যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে। যা গত দু'মাসে করা হয়েছে। কিন্তু এবার ফের চলছে ঝাড়াই-বাছাই। সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জন প্রতিনিধি ও স্থানীয় প্রশাসন, সকলেই মিলে মিশে অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাই বা কোনও ভুল তথ্য থাকলে তা সংশোধনও করা হচ্ছে।
কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না?
যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে, তাঁরা কোনোভাবেই এই অনুদান পাবেন না। যেমন, যদি কোনও মহিলা আয়কর দেন, তাঁরা সরাসরি এই প্রকল্পের বাইরে চলে যাবেন। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন, তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না। এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং না থাকলেও, মিলবে না টাকা।
টাকা পাওয়ার সময়সীমা কি পেরিয়ে গিয়েছে?
সরকার স্পষ্ট করেই জানিয়েছে, ১ অগাস্ট বা তার দু'এক দিনের মধ্যে যে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা জমা হবে এমন কোনও মানে নেই। প্রশাসনের দাবি, আবেদনপত্র যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে যারা এখনও টাকা পাননি, তাঁদের ঘাবড়ানোর কোনও কারণ নেই।
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের কাজ জোরকদমে চলছে। প্রশাসনের লক্ষ্য ৩০ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা। যাঁরা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁদের প্রত্যেককেই প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।