অন্নপূর্ণা ভাণ্ডার বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক ভাবে মহিলাদের হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় মাসের কিস্তির চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, দুপুর ১টার মধ্যে ১ কোটি ৩০ লক্ষের মধ্যে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাঠানো হয়েছে। বাকিদেরও ধীরে ধীরে টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। যদিও রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেকের অ্যাকাউন্টে ঢাকা ঢোকেনি। সকলেরই প্রশ্ন, কখন ঢুকবে ৩ হাজার? এই সমস্যার সমাধানে এবার হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন। অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জন্য এই নম্বরে ফোন করা যাবে। শুধু তাই নয়, যাবতীয় বিভ্রান্তি দূর করতে আরও একটি পোর্টাল
হেল্পলাইন নম্বর
সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন চালু করা হয়েছে নবান্নের তরফে। যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান তবে 8282082820 নম্বরে যোগাযোগ করা যাবে। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফোন করা যাবে এই নম্বরে।
নতুন পোর্টাল
খুব শীঘ্রই নারী ও শিশুকল্যাণ দফতরের তরফে একটি বিশেষ পোর্টাল চালু করা হবে, যেখানে মিলবে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য। জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ওই পোর্টালে ঢুকেই সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। অর্থাৎ, উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে।
এছাড়া যদি কেউ মনে করেন, তালিকায় এমন কারও নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা হলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে ওই পোর্টালে। SIR-এর সময় যে ধরনের যাচাই প্রক্রিয়ার অভিজ্ঞতা তৈরি হয়েছিল, সেই মডেলকেই এবার সামাজিক প্রকল্পের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
কত আবেদন বাতিল?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিনই জানিয়েছেন, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা ফর্ম জমা দিয়েছেন। সেই সমস্ত তথ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ঝাড়াই বাছাইয়ের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে।