অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আরও বহু মহিলা।Annapurna Yojana Scheme: অন্নপূর্ণা যোজনা নিয়ে জন্য অগাস্টেই বড় আপডেট। এখনও যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি, তাঁরা চিন্তা করবেন না। নতুন মাসেই পেতে পারেন সুখবর। রাজ্য সরকারের দাবি, নথি যাচাইয়ের কাজ শেষের দিকে। সেটা সম্পূর্ণ হলেই যোগ্যদের নাম রেজিস্টার্ড হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ৩০ অগাস্টের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার টার্গেট নেওয়া হয়েছে। যাঁরা সমস্ত শর্ত পূরণ করবেন, তাঁরা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক মহিলা টাকা পেয়েছেন। প্রথম এবং দ্বিতীয় কিস্তির অর্থ বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। তবে এখনও অনেক আবেদন 'আন্ডার ভেরিফিকেশন' অবস্থায় রয়েছে। সেই কারণেই অনেক যোগ্য আবেদনকারী এখনও টাকা পাননি। প্রশাসনের দাবি, যাচাই শেষ হলেই তাঁদেরও টাকা দেওয়া হবে।
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এই প্রকল্প নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। বলেন, 'অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আবার অনেকের আবেদন এখনও ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলাদের নথিভুক্ত করা হবে। যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা সকলেই টাকা পাবেন।'
কারা টাকা পেতে পারেন?
সরকারি ঘোষণা অনুযায়ী, নথি যাচাইয়ে সমস্ত শর্ত পূরণ করতে পারলেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই যাঁদের আবেদন এখনও অ্যাপ্রুভড হয়নি, তাঁদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে তাঁদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে।
অগাস্টেই আসতে পারে তৃতীয় কিস্তি
সরকারি সূত্রের খবর, প্রথম ও দ্বিতীয় কিস্তির পর অগাস্ট মাসে তৃতীয় কিস্তির অর্থও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছতে পারে। তাই আবেদনকারীদের নিয়মিত নিজের আবেদনপত্রের স্ট্যাটাস খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। অনলাইনে স্ট্যাটাস দেখতে সমস্যা হলে সরকারি হেল্পলাইন বা নির্দিষ্ট পোর্টালের সাহায্য নেওয়া যেতে পারে।
গত কয়েক মাসে এই প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে প্রশাসনের পক্ষ থেকেও আবেদনকারীদের অনলাইন স্ট্যাটাস(Annapurna Payment Status) নিয়মিত চেক করার কথা বলা হচ্ছে।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
এর আগে ১৪ জুলাই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোনও যোগ্য উপভোক্তাকে বঞ্চিত করা হবে না। তাঁর কথায়, 'কাউকে চিন্তা করার কোনও কারণ নেই। যাঁরা প্রকৃত প্রাপক, তাঁরা সকলেই টাকা পাবেন। ভেরিফিকেশন ৩০ অগাস্ট পর্যন্ত চলবে।' তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। প্রয়োজন হলে আরও প্রকৃত উপভোক্তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।
অন্নপূর্ণা যোজনা কী?
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 'অন্নপূর্ণা যোজনা' চালু করা হয়। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকার জানিয়েছে, পর্যায়ক্রমে সমস্ত যোগ্য আবেদনকারীকেই এই প্রকল্পের আওতায় আনা হবে।
যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের জন্য অগাস্ট মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ, ৩০ অগাস্টের মধ্যে যাচাই শেষ করে নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ চালাচ্ছে প্রশাসন।