আয়ুষ্মান ভারত কার্ডআয়ুষ্মান ভারত কার্ড কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিমা কার্ড, যার অধীনে প্রত্যেক উপভোক্তা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পেতে পারেন। সরকারি ও বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে এই পরিষেবা মিলবে। কিন্তু অনেক সময়ই অভিযোগ পাওয়া যায় যে কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই রকম অবস্থায় কী করবেন আয়ুষ্মান ভারত কার্ড উপভোক্তারা। আসুন জেনে নিন। আপনার যদি আয়ুষ্মান কার্ড থাকে, তবে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী, কিন্তু শুধু কার্ড থাকলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না। কার্ড থাকা সত্ত্বেও যদি আপনাকে বিনামূল্যে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, তাহলে কী হবে? এমন পরিস্থিতিতে, আপনি কোথায় এবং কীভাবে অভিযোগ করতে পারেন তা আপনার জানা উচিত।
ফোনে অভিযোগ জানাবেন কী করে?
আয়ুষ্মান কার্ড থীকা সত্ত্বেও যদি চিকিৎসা পরিষেবা না পেয়ে থাকেন, তাহলে আপনাকে কোও অফিসে যেতে হবে না। বস্তুত, এক্ষেত্রে আপনি কেবল ফোনেই সরকারকে আপনার উদ্বেগ জানাতে পারেন এবং সরকার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার অভিযোগের উপর যথাযথ ব্যবস্থা নেবে। আপনার ফোন থেকে আয়ুষ্মান ভারতের টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৫৫৫-এ কল করুন। আইভিআর নির্দেশ শোনার পর, আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সঙ্গে কথা বলার বিকল্পটি বেছে নিন। কাস্টমার কেয়ার আধিকারিককে আপনার নাম, রোগীর নাম এবং আয়ুষ্মান কার্ড নম্বর বলুন। যে হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়নি, সেই হাসপাতালের নাম, শহর এবং শাখার সম্পূর্ণ বিবরণ দিন। এরপর আপনার কাছ থেকে ঘটনাটির বিস্তারিত বিবরণ নেওয়া হবে এবং চিকিৎসা না দেওয়ার কারণ, ডাক্তার বা কর্মীর নাম ও ঘটনার তারিখ জানাতে বলা হবে। যদি হাসপাতাল আপনার কাছ থেকে জোর করে টাকা নিয়ে থাকে বা কোনও রসিদ দিয়ে থাকে, তাহলে সেই তথ্যও অপারেটরকে জানান। এরপর, ফ্রন্ট থেকে পাওয়া অভিযোগ নম্বরটি লিখে নিন। আপনি এই টোল-ফ্রি নম্বরে ফোন করে আপনার অভিযোগের স্ট্যাটাস এবং এর উপর কী স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে পারবেন।
সরকারি পোর্টালে কীভাবে অভিযোগ করবেন
আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও বিমার সুবিধা না পেলে এই বিষয়ে সরকারি পোর্টালে অভিযোগ করার আগে, কিছু জরুরি কাজ করা জরুরি। আয়ুষ্মান কার্ড প্রত্যাখ্যান করার বা চিকিৎসা না দেওয়ার কারণ জানতে আপনাকে হাসপাতাল প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করতে হবে। যে কর্মী বা ডাক্তার চিকিৎসা দিতে অস্বীকার করেছেন, তাঁর পুরো নাম এবং ঘটনার তারিখ ও সময় লিখে রাখুন। পাশাপাশি, ডাক্তারের প্রেসক্রিপশন, পরীক্ষার রিপোর্ট এবং হাসপাতালের স্লিপের একটি স্পষ্ট ছবি বা কপি সাবধানে নিজের কাছে রাখুন। যদি আপনাকে কোনও টাকা 'পে' করতে হয় বা দিতে হয়ে থাকে , তাহলে তাঁর রসিদ বা বিলটি সংরক্ষণ করুন। হাসপাতালের সঠিক তথ্য, যেমন নাম, শাখা এবং অবস্থান লিখে রাখুন। অভিযোগ দায়ের করার সময় এটি কাজে লাগবে। রোগীর আয়ুষ্মান কার্ড নম্বর এবং আধার বা ভোটার আইডির মতো গুরুত্বপূর্ণ নথিগুলি নিজের কাছে রাখুন।
অনলাইনে অভিযোগের নিয়ম
আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও যদি আপনাকে চিকিৎসা দিতে অস্বীকার করা হয়, তাহলে আপনি cgrms.pmjay.gov.in-এ অভিযোগ দায়ের করে বিষয়টি সরকারকে জানাতে পারেন। এর জন্য প্রথমে এই পোর্টালে যান। এবার হোমপেজের নীচে দেওয়া 'Register Your Grievance' বা 'আপনার অভিযোগ নথিভুক্ত করুন' অপশনটিতে ক্লিক করুন। এরপর স্কিম অপশন থেকে PMJAY নির্বাচন করুন। আপনার নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং আয়ুষ্মান কার্ডের বিবরণ লিখুন। অভিযোগের বিভাগ থেকে নির্দিষ্ট হাসপাতাল নির্বাচন করুন এবং হাসপাতালের নাম ও অন্যান্য সব তথ্য দিন। এরপর অভিযোগের বিবরণ বাক্সে সম্পূর্ণ ঘটনাটি স্পষ্টভাবে লিখুন। চিকিৎসা বন্ধ রাখার কারণ, ডাক্তার বা কর্মীর নাম এবং দিনের নির্দিষ্ট সময়ও উল্লেখ করুন। সেই সঙ্গে আপনার হাসপাতালের স্লিপ, ডাক্তারের প্রেসক্রিপশন বা প্রত্যাখ্যানের লিখিত কাগজের মতো নথিগুলি আপলোড করুন। যদি বিল দেওয়া হয়ে গিয়ে থাকে, তবে বিলটিও আপলোড করুন। ফর্মটি জমা দেওয়ার পর, স্ক্রিনে প্রদর্শিত অভিযোগ নম্বরটি লিখে নিন। এই নম্বরের সাহায্যে আপনি আপনার অভিযোগের 'স্ট্যাটাস' সম্পর্কে আরও জানতে পারবেন।