আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছে রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবাররাজ্যে পালাবদল ঘটতেই কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারতের আওতায় এসেছে বাংলা। সোমবার কেন্দ্রের সঙ্গে এই নিয়ে মউ স্বাক্ষর হয়েছে রাজ্য সরকারের। এরপর দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, এবার থেকে বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা।বিনাব্যয়ে মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসছে। কেউ যদি চান তবে বাড়িতে বসেই চেক করতে পারবেন, তিনি এই প্রকল্পের যোগ্য কিনা। আগে এর জন্য সরকারি অফিসে ছোটাছুটি করতে হত। তবে অনলাইন সুবিধা চালু হওয়ায় এখন আর তেমনটা করার প্রয়োজন নেই।
আয়ুষ্মান ভারত প্রকল্পে ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকার আগেই জানিয়েছে, জুলাই মাসেই আয়ুষ্মান কার্ড দেওয়া শুরু হবে। তবে এখনও অনেকেই জানেন না এই কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে। জানেন না কোন কোন নথি হাতে না থাকলে আপনি আবেদন করতে পারবেন না? চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আয়ুষ্মান ভারতে আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে?
১) আধার কার্ড
২) AAY রেশন কার্ড অথবা BoCW সার্টিফিকেট অথবা প্রধানমন্ত্রী/মুখ্যমন্ত্রীর চিঠি
৩) ঠিকানার প্রমাণ
৪) জাতিগত শংসাপত্র
৫) আয়ের প্রমাণ
৬) পরিবারের বর্তমান অবস্থার প্রমাণ (যৌথ বা একক)
৭) যোগাযোগের বিবরণ (মোবাইল, ই-মেইল)
আয়ুষ্মান ভারতে আবেদনের শর্ত কী?
আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য কিনা তা জানতে চাইলে, কোনও সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ফোন বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই এটি যাচাই করতে পারেন। ফলো করুন এই স্টেপ বাই স্টেপ গাইড:
১) প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে।
২) স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনটি দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
৩) মোবাইল নম্বর দিন ও ফোনে প্রাপ্ত ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে লগইন করে নিন।
৪) স্ক্রিনে প্রকল্পের নাম, আপনার রাজ্যের নাম, উপ-প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে।
৫) আধার দিয়ে সিস্টেমটি আবার ভেরিফাই করতে হবে এবং এর সঙ্গে স্ক্রিনে আসা ক্যাপচাটিও পূরণ করতে হবে।
৬) মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ফুটে উঠবে আপনার নাম এই স্কিম তালিকায় আছে কি না। আপনি যোগ্য হলে, আপনার নাম এবং পরিবারের অন্যান্য যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যাবে। আপনি সেখান থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আয়ুষ্মান কার্ড হাতে পেতে কী করবেন?
লগ ইন করে প্রথমে আপনার রাজ্য বেছে নিন, প্রকল্প হিসেবে ‘PMJY’ নির্বাচন করুন এবং আপনার যোগ্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। পরিচয় যাচাই করতে ‘Do e-KYC’-তে ক্লিক করুন এবং ‘Aadhaar OTP’ বেছে নিন। সম্পন্ন হয়ে গেলে ২০ মিনিটের মধ্যেই পুনরায় লগইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
অফলাইন পদ্ধতি: যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) বা অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আধার কার্ড ও প্রয়োজনীয় নথি দেখিয়ে ভেরিফিকেশন করাতে পারেন। ভূমিহীন পরিবার যারা মূলত কায়িক শ্রমের ওপর নির্ভরশীল তাঁরা আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন। তফশিলি জাতি (SC) বা তফশিলি উপজাতি (ST) ভুক্ত পরিবার এই সুবিধা পাবেন।
এই স্কিমের ফলে ভিনরাজ্যের হাজার হাজার হাসপাতালে এবার বিনামূল্যে চিকিৎসা পাবেন পশ্চিমবঙ্গবাসী।রাজ্যের নাগরিক, যাঁরা ভিন্রাজ্যে থাকেন, তাঁরা পাবেন পরিষেবা। রাজ্যের মুখ্যসচিব মনোজ অগরওয়াল জানিয়েছেন, ৭০ বছরের বেশি বয়স, রাজ্যে এমন ৪০ লক্ষ মানুষের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। তাঁদের জন্য মোদী সরকার বরাদ্দ করেছে পাঁচ লক্ষ টাকা। দেশের মোট ৩৬ হাজারের বেশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বঙ্গবাসী। তার মধ্যে বেসরকারি হাসপাতালের সংখ্যা ১৬ হাজার ৫৫৭। কার্ড থাকলেই সেখানে চিকিৎসা হবে।
বাংলার প্রবীণদের জন্য রক্ষাকবচ হতে পারে ‘আয়ুষ্মান ভারত’
নতুন নীতি অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকই এখন থেকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। পরিবারের আর্থিক অবস্থা নির্বিশেষে, প্রবীণদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের সবথেকে বড় বিশেষত্ব হলো এর সর্বজনীনতা। ৭০ বছর বা তার বেশি বয়সী যেকোনো ভারতীয় আবেদনকারীর বার্ষিক আয় কত, তা এখানে বিচার্য নয়। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল প্রবীণই এই সুবিধা পাবেন।যাঁদের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা আছে বা ইএসআই (ESI) প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁরাও এই সুবিধা পাবেন। সিজিএইচএস (CGHS) বা ইসিএইচএস (ECHS)-এর সুবিধাভোগীরা চাইলে তাঁদের বর্তমান প্রকল্প চালিয়ে যেতে পারেন অথবা আয়ুষ্মান ভারতে স্থানান্তরিত হতে পারেন।
কী কী সুবিধা পাওয়া যাবে?
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসার প্রায় সমস্ত দিক কভার করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ, ল্যাবরেটরি টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধের খরচ।সার্জিক্যাল ইমপ্ল্যান্ট, আইসিইউ (ICU) এবং সাধারণ বেডের খরচ। ভর্তির ৩ দিন আগে এবং ছাড়া পাওয়ার পরবর্তী ১৫ দিনের ফলো-আপ চিকিৎসার খরচও মিলবে। এমনকি খাবার খরচও এর অন্তর্ভুক্ত। তবে কসমেটিক সার্জারি, ওপিডি (OPD) খরচ, মাদকাসক্তি নিরাময় বা ফার্টিলিটি ট্রিটমেন্ট এই প্রকল্পের আওতায় পড়ে না। পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানান, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১২.১৭ কোটি মানুষকে ১.৮২ লক্ষ কোটি টাকা দিয়েছে মোদী সরকার। ৪৯ শতাংশ আয়ুষ্মান কার্ড মহিলাদের জন্যই অনুমোদিত হয়। হাসপাতালে যাঁরা উপকৃত হয়েছেন, তাঁদের ৪৯ শতাংশ মহিলা।