এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলেই মালামাল।Bandhan Bank FD Interest Rates 2026: ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়ানোর ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। নতুন সুদের হার অনুযায়ী, সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৭.৯৫ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট পাবেন। সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.৪৫ শতাংশ। রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। তারপরেই বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে আমানত টানার প্রতিযোগিতা বেড়েছে। সেই আবহেই নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে বন্ধন ব্যাঙ্ক। নতুন সুদের হার ২০ জুন, ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
বন্ধন ব্যাঙ্কের সংশোধিত সুদের হার অনুযায়ী, দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৭.৯৫ শতাংশ সুদ পাবেন। একই মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ।
তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের আমানতে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ এবং সাধারণ গ্রাহকদের জন্য ৭.২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এক বছরের ফিক্সড ডিপোজিটেও আকর্ষণীয় সুদের অফার দিয়েছে ব্যাঙ্ক। এই মেয়াদে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ এবং সাধারণ গ্রাহকরা পাবেন ৭ শতাংশ সুদ।
শুধু ফিক্সড ডিপোজিট নয়, সেভিংস অ্যাকাউন্টেও নির্দিষ্ট ব্যালেন্সের ক্ষেত্রে আকর্ষণীয় সুদের সুবিধা বজায় রেখেছে বন্ধন ব্যাঙ্ক। ৫ লক্ষ টাকার বেশি এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সে এখনও ৬.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
এদিকে, সম্প্রতি এনআরআই গ্রাহকদের জন্য Foreign Currency Non-Resident (Bank) বা FCNR(B) আমানতের সুদের হারও সংশোধন করেছে ব্যাঙ্ক। নতুন নিয়ম অনুযায়ী, ১০ লক্ষ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আমানতে তিন থেকে পাঁচ বছরের মেয়াদে মার্কিন ডলারভিত্তিক FCNR(B) ডিপোজিটে ৭.১ শতাংশ সুদ মিলবে। ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত আমানতের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ।
শুধু বন্ধন ব্যাঙ্ক নয়, জুন মাসে আরও একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। ইয়েস ব্যাঙ্ক ১৮ মাস এক দিন থেকে ২৪ মাসের কম মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৭.২৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
অন্যদিকে, DCB ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেনরা সেখানে সর্বোচ্চ ৮ শতাংশ এবং ৭০ বছরের বেশি বয়সিদের জন্য ‘Senior Citizens Plus’ বিভাগে সর্বোচ্চ ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।
সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে Union Bank of India বর্তমানে ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৬.৬৫ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে Punjab National Bank-এর ৪৪৪ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৬.৬ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৭.১ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজ়েনদের জন্য ৭.৪ শতাংশ সুদ নির্ধারিত রয়েছে।
যাঁরা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি তুলনামূলক বেশি রিটার্ন চান, তাঁদের কাছে বিভিন্ন ব্যাঙ্কের নতুন FD স্কিমগুলি এখন আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। তবে বিনিয়োগের আগে সুদের হার, মেয়াদ এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা।