প্রতীকী ছবি‘বাংলার যুবসাথী’ প্রকল্প বাস্তবায়নে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। আবেদনকারীদের প্রশ্নের দ্রুত জবাব ও প্রকল্পের অগ্রগতি জানাতে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অধীনে একটি বিশেষ হেল্পডেস্ক চালুর নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই হেল্পডেস্ক সরাসরি যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের তত্ত্বাবধানে কাজ করবে। প্রকল্পের সামগ্রিক পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তিই এর মূল লক্ষ্য।
এ পর্যন্ত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষ। তার মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরে আবেদন করেছেন প্রায় ৬৫ লক্ষ যুবক-যুবতী। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন আরও প্রায় ১৯ লক্ষ। বিপুল সংখ্যক আবেদনকারীর নানা প্রশ্ন ও সংশয় দূর করতেই এই হেল্পলাইন চালুর সিদ্ধান্ত বলে প্রশাসনের দাবি।
নির্দেশিকা অনুযায়ী, ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি হেল্পডেস্ক হিসেবে চালু করা হয়েছে। এই নম্বরে ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। আবেদনকারীরা তাঁদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন এখান থেকে। পরিষেবা চালু থাকবে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। তবে শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনে হেল্পডেস্ক বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও প্রকাশ করা হয়েছে, যাতে যোগাযোগে স্বচ্ছতা বজায় থাকে এবং তথ্য সংরক্ষণ সহজ হয়। নির্দেশিকার অনুলিপি ইতিমধ্যেই বিভিন্ন দফতর ও জেলার প্রশাসনিক কর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের টানা পাঁচ বছর মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনার কারণে আদর্শ আচরণবিধি জারি হলে প্রকল্পের অর্থ বিতরণ পিছোতে পারে বলে প্রশাসনের একাংশের মত। তবু হেল্পডেস্ক চালু হওয়ায় প্রকল্প বাস্তবায়নে গতি আসবে বলেই আশা করা হচ্ছে।