ব্যাঙ্কের টাকা তোলা-জমায় নিয়ম বদল। ব্যাঙ্কে নগদ টাকা জমা ও তোলার ক্ষেত্রে নতুন নিয়ম শুরু হতে চলেছে। বছরে নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি বেশি নগদ জমা এবং তোলার ক্ষেত্রে আবশ্যিক করা হল প্যান ও আধার কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কবে থেকে এই নিয়ম কার্যকর হবে? কতটা টাকার পরিমাণ?
কোনও ব্যক্তি সারা বছরে নিজের সব অ্যাকাউন্ট মিলিয়ে ২০ লক্ষ টাকা জমা করতে চান তবে প্যান থাকা বাধ্যতামূলক। একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও লাগবে প্যান। নগদ লেনদেনে রাশ টেনে ডিজিটাল ব্যবস্থায় জোর দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আগামী ২৬ মে থেকে এই নিয়ম কার্যকর হবে বলে বিভিন্ন ব্যাঙ্কের কাছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু'লক্ষ টাকা বা তার বেশি জমা করতে গেলে প্যান বাধ্যতামূলক। টাকা তোলার ক্ষেত্রেও একই নিয়ম। এতে কম পরিমাণে টাকা বারে বারে লেনদেন করছিলেন অনেকে। এবার ২৬ মে থেকে যে নিয়ম চালু হচ্ছে তাতে সারা বছরে মোট ২০ লক্ষ টাকা প্যান ছাড়া তোলা বা জমা দেওয়া যাবে। একাধিক অ্যাকাউন্ট থাকলেও ২০ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এই নিয়ম শুধু রাষ্ট্রায়ত্তই নয়, বেসরকারি এবং সমবায় ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ক্ষেত্রেও চালু হবে।
নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পরে কী ভাবে এই নিয়ম কার্যকর হবে তা নিয়ে বিশদে নির্দেশ ব্যাঙ্ক বা অন্য আর্থিক সংস্থার কাছে এখনও পাঠানো হয়নি। তবে লেনদেনের সময় প্যানের বদলে কোনও ব্যক্তি আধার নম্বরও দিতে পারেন।
আরও পড়ুন- রাজ্যসভায় গৌতম আদানি বা তাঁর স্ত্রী? ব্যাখ্যা দিল শিল্পপতির সংস্থা