১ লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা বাইকBest Bikes Under 1 Lakh: আজকাল ভারতে কম বাজেটে ভাল মোটরসাইকেল খোঁজা অনেকের কাছেই বেশ জটিল। বিশেষ করে ১ লক্ষ টাকার মধ্যের রেঞ্জটাই এমন। কারণ এই রেঞ্জের ক্রেতাদের এমন বাইক চাই, যেখানে মাইলেজ ভালো, রক্ষণাবেক্ষণ কম এবং লুকও আকর্ষণীয়।
১. Hero HF Deluxe
কম দামে নির্ভরযোগ্য বাইক চাইলে এই মডেলটি দেখতে পারেন। এতে রয়েছে ৯৭.২ সিসির ইঞ্জিন। দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট। বাইকটির ওজনও তুলনায় কম। ফলে যানজটের রাস্তায় চালানো সহজ। দাম শুরু প্রায় ৬০ হাজার টাকা থেকে। কম খরচে যাতায়াত করতে চান, এমন ক্রেতাদের জন্য এটি ভাল বিকল্প।
২. TVS Sport
মাইলেজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলে TVS Sport নজরে রাখতে পারেন। এতে রয়েছে ১০৯.৭ সিসির ইঞ্জিন। শহরের রাস্তায় নিয়মিত যাতায়াতের জন্য বাইকটি উপযোগী। হালকা গড়ন এবং সাধারণ নকশা এর অন্যতম বৈশিষ্ট্য। দাম প্রায় ৬০ হাজার টাকা থেকে শুরু। তবে ভ্যারিয়্যান্ট অনুযায়ী দাম বাড়তে পারে।
৩. Honda Shine 100
হোন্ডার পরিচিত ইঞ্জিন প্রযুক্তির উপর ভরসা করতে পারেন এই বাইকে। এতে রয়েছে ৯৮.৯৮ সিসির ইঞ্জিন। ওজন কম হওয়ায় নতুন চালকদের পক্ষেও নিয়ন্ত্রণ করা সহজ। শহরের ছোট রাস্তা কিংবা দৈনন্দিন অফিসযাত্রায় এটি কাজে আসতে পারে। দাম শুরু প্রায় ৬৬ হাজার টাকা থেকে।
৪. Bajaj Platina 100
খারাপ রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয়? তা হলে এই বাইকটি দেখতে পারেন। ৯৯.৫৯ সিসির ইঞ্জিনের পাশাপাশি রয়েছে আরামদায়ক আসন এবং বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফলে ভাঙাচোরা রাস্তায় চালাতে সুবিধা হতে পারে। দাম শুরু প্রায় ৭০ হাজার টাকা থেকে।
৫. Hero Splendor Plus
দীর্ঘদিনের জনপ্রিয়তার জন্য এই বাইকের আলাদা পরিচিতি রয়েছে। ৯৭.২ সিসির ইঞ্জিন, ভাল মাইলেজ এবং সহজ রক্ষণাবেক্ষণ এর বড় আকর্ষণ। যন্ত্রাংশ ও সার্ভিসের সুবিধাও সহজে মেলে। দাম শুরু প্রায় ৭৯ হাজার টাকা থেকে।
কেনার আগে কী দেখবেন?
বাইক কেনার সময় শুধু মাইলেজ নয়, বসার আরাম, ব্রেক, সার্ভিস খরচ এবং নিজের উচ্চতাও বিবেচনা করুন। মনে রাখবেন, এক্স-শোরুম দামের সঙ্গে বিমা ও রেজিস্ট্রেশনের খরচ যোগ হবে। তাই কেনার আগে ডিলারের কাছ থেকে অন-রোড দাম জেনে নিন।