বিক্রিতে সেরা TVS, দ্বিতীয় বাজাজ। Ather ও Vida-র বিক্রি বেড়েছে। দেশে ইলেকট্রিক টু-হুইলারের বিক্রি বাড়ছে। ২০২৬-এর মে মাসে ইলেকট্রিক স্কুটার ও মোটরবাইকের বিক্রি এক ধাক্কায় ৬৩ শতাংশ বেড়েছে। বিক্রির নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে TVS, যদিও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বাজাজ। তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দেশে মোট ১ লক্ষ ৭০ হাজার ৫৭০টি বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লক্ষ ৪ হাজার ৮৯৬। ফলে এক বছরের ব্যবধানে বাজারে ৬৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মে মাসের দ্বিতীয়ার্ধে পেট্রলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে ক্রেতাদের সিদ্ধান্তে। মাসের প্রথম ১৫ দিনে যেখানে বিক্রি হয়েছিল ৬৬ হাজার ৪৮৭টি ই-টু-হুইলার, সেখানে দ্বিতীয়ার্ধে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৪ হাজার ৮৩টি।
বিক্রিতে এক নম্বরে TVS
দেশের ইলেকট্রিক দু’চাকার বাজারে এখনও শীর্ষে রয়েছে TVS Motor Company। মে মাসে সংস্থাটি ৪২ হাজার ৪১৫টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। বাজারে তাদের অংশীদারি প্রায় ২৫ শতাংশ। TVS-এর জনপ্রিয় iQube মডেলের চাহিদা এখনও সবচেয়ে বেশি।
ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে বাজাজ
দ্বিতীয় স্থানে রয়েছে Bajaj Auto। মে মাসে ৩৯ হাজার ১৪২টি Chetak স্কুটার বিক্রি করেছে তারা। TVS এবং বাজাজের ব্যবধান এখন মাত্র ৩,২৭৩ ইউনিট। নতুন Chetak মডেল আনার পরিকল্পনাও রয়েছে সংস্থার।
দ্রুত বাড়ছে Ather-এর বাজার
তৃতীয় স্থানে থাকা Ather Energy মে মাসে ২৮ হাজার ২১১টি ই-স্কুটার বিক্রি করেছে। সংস্থার Rizta মডেল ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি ক্রেতার হাতে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে Ather-এর বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে।
চমক VIDA-র
Vida-র বৃদ্ধির হার সবচেয়ে বেশি। মে মাসে ১৯ হাজার ৫১টি ইউনিট বিক্রি করেছে সংস্থাটি। গত বছরের তুলনায় যা ১৫৮ শতাংশ বেশি। বাজারে তাদের অংশীদারি ৭ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশে পৌঁছেছে।
পিছিয়ে পড়ছে Ola
এক সময়ের বাজারনেতা Ola Electric এখনও পঞ্চম স্থানে রয়েছে। মে মাসে সংস্থাটি ১৫ হাজার ১৪১টি স্কুটার বিক্রি করেছে। তবে গত বছরের তুলনায় বিক্রি ২০ শতাংশ কমেছে। বাজারে Ola-র অংশীদারিও ১৮ শতাংশ থেকে কমে ৯ শতাংশে নেমে এসেছে।
অন্যান্য সংস্থা
Greaves Electric Mobility ৭,৬৯৬টি, River Mobility ৩,৭১৭টি এবং Bgauss Auto ৩,২৯৬টি ইউনিট বিক্রি করেছে। পাশাপাশি Bounce Electric এবং Simple Energy-ও শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, পেট্রলের দাম বৃদ্ধি, চার্জিং পরিকাঠামোর উন্নতি এবং নতুন মডেলের আগমনের ফলে আগামী মাসগুলিতেও ইলেকট্রিক স্কুটারের বাজারে এই বৃদ্ধির ধারা বজায় থাকতে পারে।