অনেক ক্রেতাই এখন শুধু রিলায়াবিলিটির গণ্ডি ছাড়িয়ে বের হতে চাইছেন। ভারতে এখনও ফ্যামিলি স্কুটার হিসেবে Honda Activa 125 সবচেয়ে জনপ্রিয়। তবে অনেক ক্রেতাই এখন শুধু রিলায়াবিলিটির গণ্ডি ছাড়িয়ে বের হতে চাইছেন। ইয়াং জেনারেশন বেশি পাওয়ার, আধুনিক প্রযুক্তি, প্রিমিয়াম ডিজাইন চাইছে। সেই কারণে Activa 125-এর বিকল্প হিসেবে একাধিক নতুন স্কুটারের দিকে ঝুঁকছেন তাঁরা। পারফরম্যান্স থেকে স্মার্ট ফিচার; সব মিলিয়ে নজর কেড়েছে এই পাঁচ মডেল।
স্পোর্টি রাইড চাইলে TVS Ntorq 150
TVS Ntorq 150 মূলত তাঁদের জন্য, যাঁরা একটু স্পোর্টি ফিল চান। রয়েছে ১৪৯.৭ সিসির ইঞ্জিন। পাওয়ার ১৩ bhp এবং টর্ক ১৪.২ Nm। স্কুটারে Street ও Race; দু’টি রাইডিং মোড পাবেন।
টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, স্পোর্ট-টিউনড সাসপেনশন এবং বড় সিট এই স্কুটারকে আরামদায়কও করেছে। পাশাপাশি রয়েছে TFT ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন, কল ও SMS অ্যালার্ট। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং ক্র্যাশ অ্যালার্ট। এক্স-শোরুম দাম শুরু প্রায় ১.০৯ লক্ষ টাকা থেকে।
ইলেকট্রিক স্কুটার? Ather Rizta ভাল অপশন
পেট্রল স্কুটার ছেড়ে ইলেকট্রিক গাড়িতে যেতে চাইলে নজরে রাখা যেতে পারে Ather Rizta। পরিবারের ব্যবহারের কথা মাথায় রেখেই এই স্কুটার এনেছে Ather Energy।
দু’টি ব্যাটারি অপশনে পাওয়া যায় Rizta। ২.৯ kWh ব্যাটারিতে রেঞ্জ ১২৩ কিমি পর্যন্ত। বড় ৩.৭ kWh ব্যাটারিতে IDC রেঞ্জ ১৬০ কিমি। বড় সিট, চওড়া ফুটবোর্ড এবং ৫৬ লিটারের স্টোরেজ এটিকে Activa 125-এর তুলনায় অনেক বেশি ব্যবহারিক করে তুলেছে।
ফিচারের তালিকায় রয়েছে ৭ ইঞ্চির TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, রিভার্স মোড, অটো হোল্ড এবং Ather Skid Control। দাম শুরু প্রায় ১.১০ লক্ষ টাকা থেকে।
Hero Xoom 160 বেশ পাওয়ারফুল
সাধারণ ফ্যামিলি স্কুটারের বাইরে কিছু চাইলে নজর কাড়তে পারে Hero Xoom 160। ম্যাক্সি-স্কুটার ডিজাইনের এই মডেলে রয়েছে ১৫৬ সিসির ইঞ্জিন। পাওয়ার ১৪.৬ bhp এবং টর্ক ১৪ Nm।
উঁচু ও চওড়া হ্যান্ডেলবার দীর্ঘ যাত্রায় আরামদায়ক। পাশাপাশি Showa সাসপেনশন খারাপ রাস্তাতেও ভালো ব্যালান্স রাখে। LED লাইট, কী-লেস এন্ট্রি, ডিজিটাল কনসোল এবং ব্লুটুথ নেভিগেশনও রয়েছে এই স্কুটারে। এক্স-শোরুম দাম প্রায় ১.৩৭ লক্ষ টাকা।
স্টাইল ও প্রিমিয়াম Vespa S 150
যাঁরা স্কুটারে আলাদা, নিও রেট্রো লুক চাইছেন, তাঁদের জন্য Vespa S 150 সেরা। ১৪৯.৫ সিসির ইঞ্জিন থেকে মিলবে ১১.২ bhp শক্তি এবং ১১.৬ Nm টর্ক।
১৯৫০-এর দশকের ক্লাসিক Vespa ডিজাইনের ছাপ থাকলেও আধুনিক ফিচারেও ঘাটতি নেই। মেটাল মনোকক ফ্রেম, প্রিমিয়াম ফিনিশ এবং হাইড্রলিক সাসপেনশন এই স্কুটারকে আলাদা করেছে। টপ-স্পেক Tech ভ্যারিয়েন্টে রয়েছে ৫ ইঞ্চির TFT ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি এবং ফুল LED লাইটিং। এক্স-শোরুম দাম শুরু প্রায় ১.৪৫ লক্ষ টাকা।
বেশি পারফরম্যান্স চাইলে Yamaha Aerox 155
স্পোর্টি ম্যাক্সি-স্কুটারের কথা উঠলে Yamaha Aerox 155-এর নাম অবশ্যই আসে। এতে রয়েছে ১৫৫ সিসির লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা Yamaha R15-এও ব্যবহার করা হয়।
এই স্কুটার ১৪.৭৫ bhp শক্তি এবং ১৩.৯ Nm টর্ক তৈরি করে। ফলে পারফরম্যান্স যথেষ্ট শক্তিশালী। স্মার্ট কী, ব্লুটুথ কানেক্টেড ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল এবং চার্জিং সকেটও রয়েছে।
তবে Aerox 155-এর রাইডিং পজ়িশন তুলনামূলক বেশি স্পোর্টি। ফলে কেনার আগে সেই বিষয়টি মাথায় রাখতে হবে।