Bira Station Mini mart: বিড়া স্টেশনে যাত্রী সুবিধার্থে তৈরি হচ্ছে মিনি মার্ট, ৮.৮০ কোটি লক্ষ্মীলাভ রেলের

Bira Train Station: একঢিলে দুই পাখি। বিড়া স্টেশনে মিনি মার্ট প্রজেক্ট শিয়ালদা ডিভিশনের এমনই একটি উদ্যোগ। এরফলে যেমন যাত্রীরা লাভবান হবেন। তেমনই লক্ষ্মীলাভ হবে রেলেরও।

Advertisement
বিড়া স্টেশনে যাত্রী সুবিধার্থে তৈরি হচ্ছে মিনি মার্ট, ৮.৮০ কোটি লক্ষ্মীলাভ রেলেরবিরা স্টেশনে যাত্রী সুবিধার্থে তৈরি হচ্ছে মিনি মার্ট
হাইলাইটস
  • বিড়া স্টেশনে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর সুবিধার্থে বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন।
  • বনগাঁ শাখার এই স্টেশনে একটি মিনি মার্ট পরিচালনার ক্ষেত্রে বড় ডিল ফাইনাল করল রেল।
  • মিনি মার্টে এক ছাদের নিচে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস মিলবে।

বিড়া স্টেশনে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর সুবিধার্থে বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন। এবার বনগাঁ শাখার এই স্টেশনে একটি মিনি মার্ট পরিচালনার ক্ষেত্রে বড় ডিল ফাইনাল করল রেল। এই কনজিউমার মিনি মার্ট একদিকে যেমন বহু যাত্রীকে সুবিধা দেবে, তেমনই রেলের ভাঁড়ারেও আসবে মোটা অঙ্কের টাকা।

শিয়ালদা ডিভিশন সূত্রে খবর, ওই মিনি মার্টের ডেভলপমেন্ট, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ১০ বছরের মেয়াদে এই চুক্তি করা হয়েছে। অর্থাৎ ১০ বছরের জন্য দেওয়া হয়েছে লাইসেন্স। শিয়ালদা ডিভিশনের DRM  রাজীব সাক্সেনার নেতৃত্বে ডিল ফাইনাল করা হয়। এই চুক্তির বার্ষিক ফি নির্ধারিত হয়েছে ₹৫৫,৫৫,৫৫৫/- (GST বাদে)। অর্থাৎ ১০ বছরের মেয়াদে এই চুক্তি বাবদ রেল পাবে GST-সহ মোট ৮ কোটি ৮০ লক্ষ ৭৯ হাজার ৭০২ টাকা।

রেলের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত মিনি মার্টে এক ছাদের নিচে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।এর ফলে যাত্রী এবং স্থানীয় দর্শনার্থী-উভয়েই আরও উন্নত খুচরো পরিষেবা ও কেনাকাটার সুবিধা পাবেন। 

উল্লেখ্য,  রেল স্টেশন চত্বরকে আধুনিক ও যাত্রী-কেন্দ্রিক পরিষেবা প্রদানের উপযোগী করে তোলার পাশাপাশি বর্তমানে শিয়ালদা ডিভিশনের লক্ষ্য হল অব্যবহৃত রেলওয়ে স্থান থেকে দীর্ঘমেয়াদি মোটা অঙ্কের অর্থ উপার্জন করা। যা ধারাবাহিক নন-ফেয়ার রেভিনিউ বা অ-ভাড়া রাজস্ব বৃদ্ধির বিষয়ে ভারতীয় রেলের বৃহত্তর কৌশলের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ।

রেলের এই গুরুত্বপূর্ণ সাফল্য সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “আমাদের যাত্রীদের জন্য স্টেশনে আরও উন্নত পরিষেবার অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি নন-ফেয়ার রেভিনিউয়ের নতুন উৎস অনুসন্ধানে পূর্ব রেল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিরা স্টেশনে মিনি মার্ট পরিচালনার জন্য চুক্তি প্রদান আমাদের ডিভিশনগুলিতে রেল সম্পদের অভিনব বাণিজ্যিকীকরণ, আধুনিক যাত্রী পরিষেবা এবং টেকসই রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টারই প্রমাণ।”

 

POST A COMMENT
Advertisement