বাড়ল অপরিশোধিত তেলের দাম, ভারতে পেট্রোল-ডিজেলের কী হবে?ইসলামাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় ঘটে গিয়েছে একাধিক ঘটনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ফের একবার দানা বেঁধেছে। কারণ ইতিমধ্যেই ইরানের যাবতীয় জাহাজ অবরোধ করার ঘোষণা করেছে আমেরিকা। হরমুজেও ইরানের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। আর এরপরেই আশঙ্কা দেখা দিয়েছে জ্বালানির দাম নিয়েও।
অপরিশোধিত তেলের দাম চড়ছে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ফের বাঁধতে পারে এই আশঙ্কায় চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দর। গত ২ দিনের পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে, অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি বেড়ে গিয়েছে ৮ ডলারেরও বেশি। বর্তমানে WTI ক্রুডের ব্যারেল প্রতি রেট রয়েছে ১০৪.৩৬ ডলার। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের আজ ব্যারেল প্রতি দর রয়েছে ১০১.৮৩ টাকা। শেষ ২ দিনে দাম বেড়েছে ব্যারেল প্রতি ৬ ডলার।
কেন অপরিশোধিত তেলের দাম বাড়ল?
মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে অবরোধের প্রস্তুতি নিয়েছে। এর অর্থ হল, ইরান এই রাস্তা দিয়ে তাদের জাহাজে করে তেল রফতানি করতে পারবে না। ফলে, আজ অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে বেড়ে গিয়ে যুদ্ধবিরতির আগের পর্যায়ে ফিরে এসেছে।
ভারতে পেট্রোল ও ডিজেলের দামে কী প্রভাব পড়তে পারে?
কেন্দ্র সরকারের তরফে দেশে জ্বালানি নিয়ে সাধারণ মানুষকে বারেবারেই আশ্বস্ত করা হচ্ছে। সরকার ও তেল কোম্পানিগুলি বারেবারেই জানিয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি করা হবে না। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, যদি অপরিশোধিত তেলের দর ১১০ ডলারে পৌঁছে যায়। এরপর সেই দামেই পরপর কয়েক সপ্তাহ স্থির থাকে বা আরও বাড়ে, সেক্ষেত্রে কেন্দ্রকে দাম বৃদ্ধির রাস্তায় হাঁটতে হতে পারে। অথবা অপশন হিসেবে সরকার আমদানি শুল্কে ছাড় দিতে পারে।