যুদ্ধ থামতেই ধড়াম করে পড়ল তেলের দাম, ভারতে সস্তা হবে পেট্রোল, ডিজেল?

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। চুক্তি ফাইনাল হতেই বিশ্ববাজারে হু হু করে সস্তা হয়েছে অপরিশোধিত তেলের দাম। এরফলে সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল।

Advertisement
যুদ্ধ থামতেই ধড়াম করে পড়ল তেলের দাম, ভারতে সস্তা হবে পেট্রোল, ডিজেল?
হাইলাইটস
  • ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
  • বিশ্ববাজারে হু হু করে সস্তা হয়েছে অপরিশোধিত তেলের দাম।
  • পেট্রোল-ডিজেলের দাম কম হওয়ার জল্পনা কেন?

বিশ্ববাসীর জন্য বড়সড় সুখবর মিলেছে। ১৫ জুন, সোমবার (ভারতীয় সময়) বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সাড়ে তিন মাস পর মধ্যপ্রাচ্যে থামল সংঘাত। এদিন খোদ ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। ফলে খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালীও। মার্কিন অবরোধ উঠতেই এবার বিশ্বজুড়ে এই প্রণালীর মাধ্যমে জ্বালানি ছড়িয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা।

যুদ্ধ থামতেই অপরিশোধিত তেলের দাম সস্তা হল

শান্তি চুক্তি ফাইনাল হতেই বিশ্ববাজারে হু হু করে সস্তা হয়েছে অপরিশোধিত তেলের দাম। আজ WTI ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি রয়েছে  ৮০.৫৯ ডলার, যা মাত্র দিন পাঁচ আগেও ছিল ব্যারেল প্রতি ৯২ ডলারের বেশি। 

WTI ছাড়াও, সস্তা হয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলও। ব্রেন্ট ক্রুড অয়েলের রেট আজ রয়েছে ৮৩.৪৭ ডলার। যা কিনা ১০ জুন ছিল ব্যারেল প্রতি ৯৫ ডলার।

পেট্রোল- ডিজেলের দাম কম হওয়ার জল্পনা কেন?

আসলে জীবাশ্ম জ্বালানির বিষয়ে ভারত পুরোপুরি আমদানি নির্ভর। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে, পেট্রোল ও ডিজেলের দামও চড়চড় করে বেড়ে যায়। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সঙ্কটের মুখে পড়ে আতঙ্কে সিঁটিয়ে উঠেছিল বহু দেশ। ভারতেও সেই আঁচ পড়েছে। ১০৪ টাকা থেকে বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে প্রায় ১১৪ টাকা। 

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ফের সস্তা হয়ে স্থির অবস্থায় এলে তার প্রভাব দেখা যেতে পারে ভারতীয় জ্বালানি বাজারেও। কমতে পারে পেট্রোল ও ডিজেলের দামও।

 

POST A COMMENT
Advertisement