Changes From December: SBI-ICICI-র চার্জ থেকে আধার, পেনশন ডিসেম্বর ২০২৬ এই ১০ নিয়ম বদল

ডিসেম্বর মাসে টাকা-পয়সা সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। এর প্রভাব পড়তে পারে ব্যাঙ্কের গ্রাহক, ক্রেডিট কার্ড ব্যবহারকারী, পেনশনভোগী এবং বিনিয়োগকারীদের উপর। কোথাও বাড়তে পারে অতিরিক্ত চার্জ।

Advertisement
SBI-ICICI-র চার্জ থেকে আধার, পেনশন ডিসেম্বর ২০২৬ এই ১০ নিয়ম বদলদেখে নিন, ডিসেম্বর ২০২৬-এ কোন কোন আর্থিক নিয়ম বদলাতে চলেছে।
হাইলাইটস
  • ডিসেম্বর মাসে টাকা-পয়সা সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন।
  • প্রভাব পড়তে পারে ব্যাঙ্কের গ্রাহক, ক্রেডিট কার্ড ব্যবহারকারী, পেনশনভোগী এবং বিনিয়োগকারীদের উপর।
  • দেখে নিন, ডিসেম্বর ২০২৬-এ কোন কোন আর্থিক নিয়ম বদলাতে চলেছে।

ডিসেম্বর মাসে টাকা-পয়সা সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। এর প্রভাব পড়তে পারে ব্যাঙ্কের গ্রাহক, ক্রেডিট কার্ড ব্যবহারকারী, পেনশনভোগী এবং বিনিয়োগকারীদের উপর। কোথাও বাড়তে পারে অতিরিক্ত চার্জ। কোথাও আবার মিলবে নতুন সুবিধা। আধার কার্ডের ইমেল ঠিকানা বদলানোর সুযোগও থাকছে বিনামূল্যে।

SBI ক্রেডিট কার্ড, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, NPS এবং আয়কর সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে ডিসেম্বর মাসে। তাই আগে থেকেই এই নিয়মগুলি জেনে রাখা দরকার। দেখে নিন, ডিসেম্বর ২০২৬-এ কোন কোন আর্থিক নিয়ম বদলাতে চলেছে।

১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ডে নতুন চার্জ
SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে ১ ডিসেম্বর থেকে। কোনও একটি পরিবহণ সংক্রান্ত লেনদেনে ৩০ হাজার টাকার বেশি খরচ হলে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে।

জ্বালানির ক্ষেত্রেও বদল আসছে। এক মাসের বিলের মধ্যে SBI ক্রেডিট কার্ড দিয়ে পেট্রল বা ডিজেল কেনার মোট খরচ ৫০ হাজার টাকা ছাড়ালে, পুরো খরচের উপর ১ শতাংশ চার্জ বসবে। যেমন, এক মাসে জ্বালানি কিনতে ৬০ হাজার টাকা খরচ হলে অতিরিক্ত ৬০০ টাকা দিতে হবে। এর সঙ্গে করও যুক্ত হবে।

২. ICICI ব্যাঙ্কে নগদ টাকা জমা ও তোলার চার্জ বাড়ছে
ICICI ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্যও নতুন নিয়ম আসছে ১ ডিসেম্বর থেকে। প্রতি মাসে তিনবার বিনামূল্যে নগদ টাকা জমা এবং তিনবার টাকা তোলার সুযোগ থাকবে।

তবে জমা বা তোলার ক্ষেত্রে মাসিক বিনামূল্যের লেনদেনের সীমা ১ লক্ষ টাকা পেরিয়ে গেলে অতিরিক্ত চার্জ দিতে হবে। নতুন নিয়মে প্রতি ১ হাজার টাকার লেনদেনে ৪ টাকা অথবা ১৫০ টাকা, যে অঙ্ক বেশি হবে, সেই চার্জ নেওয়া হবে।

৩. HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বদল
HDFC ব্যাঙ্কের BizBlack Metal ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু হবে ২১ ডিসেম্বর থেকে। বাড়তি রিওয়ার্ড পয়েন্ট পেতে প্রতি বিলিং মাসে অন্তত ৫০ হাজার টাকার যোগ্য কেনাকাটা করতে হবে।

Advertisement

অন্যদিকে, বিশেষ ভাউচার পাওয়ার জন্য তিন মাসে খরচের লক্ষ্যমাত্রা ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ৪ লক্ষ টাকা করা হয়েছে। নির্দিষ্ট ব্যবসায়িক খরচে ৫ গুণ রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগও থাকছে।

৪. ICICI ক্রেডিট কার্ডের বদলি কার্ডের চার্জ বাড়বে
১১ ডিসেম্বর থেকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বদলানোর খরচ বাড়বে। আগে এই চার্জ ছিল ২০০ টাকা। এবার তা বেড়ে হবে ৩০০ টাকা। এর সঙ্গে GST দিতে হবে।

Priority Pass ক্রেডিট কার্ড বদলানোর ক্ষেত্রেও নতুন চার্জ চালু হবে। তাই কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ড নেওয়ার আগে খরচ জেনে নিন।

৫. ICICI কার্ডে কিছু বিনামূল্যের সুবিধা বন্ধ
১৫ ডিসেম্বর থেকে ICICI ব্যাঙ্কের কিছু ডেবিট ও ক্রেডিট কার্ডে বিনামূল্যে INOX সিনেমার সুবিধা বন্ধ হবে। কয়েকটি ক্রেডিট কার্ডের সঙ্গে থাকা কিছু বিনামূল্যের বিমা সুবিধাও বন্ধ করা হবে।

তবে সব কার্ডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কোন কার্ডে কোন সুবিধা বন্ধ হচ্ছে, তা ব্যাঙ্কের ওয়েবসাইটে দেখে নেওয়া দরকার।

৬. আধারে ইমেল ঠিকানা বদলানো Free
আধার কার্ডে ইমেল ঠিকানা বদলানোর জন্য আপাতত কোনও টাকা লাগবে না। ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত UIDAI-এর সরকারি Aadhaar অ্যাপের মাধ্যমে এই কাজ বিনামূল্যে করা যাবে।

আগে এই পরিষেবার জন্য ৭৫ টাকা দিতে হত। তবে এই ছাড় শুধু অ্যাপের মাধ্যমে ইমেল ঠিকানা বদলানোর ক্ষেত্রে প্রযোজ্য। আধারের অন্য তথ্য বদলানোর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।

৭. NPS-এর নিয়মে পরিবর্তন
ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-এর কিছু নিয়ম ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে। পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা PFRDA এই পরিবর্তন এনেছে।

নতুন নিয়মে NPS-এর বিভিন্ন প্রকল্পের নাম এবং তথ্য কীভাবে ওয়েবসাইটে দেখানো হবে, তা আরও স্পষ্ট করা হয়েছে। বিশেষ করে Multiple Scheme Framework-এর অধীনে থাকা প্রকল্পগুলির পরিচয় ও তথ্য দেখানোর নিয়ম বদলাবে। এর ফলে গ্রাহকরা বিভিন্ন পেনশন প্রকল্প সম্পর্কে সহজে তথ্য বুঝতে পারবেন।

৮. কেনাবেচার ব্যবসায়ীদের জন্য SEBI-র নতুন নিয়ম
শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা SEBI পণ্য কেনাবেচার চুক্তি বা কমোডিটি ডেরিভেটিভসের ক্ষেত্রে নতুন নিয়ম আনছে। ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।

নতুন নিয়মে পণ্যের দামের ওঠানামার উপর ভিত্তি করে জমা রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। কম ওঠানামা হলে ন্যূনতম ৬ শতাংশ, মাঝারি হলে ৮ শতাংশ এবং বেশি ওঠানামা হলে ১০ শতাংশ মার্জিন রাখতে হবে। এই নিয়ম মূলত কমোডিটি ট্রেডারদের জন্য।

৯. বিদেশে থাকা ভারতীয়দের KYC আরও সহজ হবে
বিদেশে থাকা অনাবাসী ভারতীয় বা NRI এবং OCI কার্ডধারীদের জন্য KYC প্রক্রিয়া সহজ হচ্ছে। ৩ ডিসেম্বর থেকে যোগ্য ব্যক্তিরা বিদেশে বসেই অনলাইনে KYC করতে পারবেন।

এর জন্য শুধু ভারতে এসে সরাসরি পরিচয় যাচাই করানোর প্রয়োজন হবে না। SEBI-র নিয়ম মেনে নির্দিষ্ট সংস্থার মাধ্যমে এই কাজ করা যাবে। এতে বিদেশে থাকা ভারতীয়দের দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করা আরও সহজ হতে পারে।

১০. আয়কর জমা ও RBI-র সিদ্ধান্তের দিকে নজর
১৫ ডিসেম্বর আয়করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যাঁদের অগ্রিম আয়কর দিতে হয়, তাঁদের ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় কিস্তি জমা দেওয়ার শেষ দিন এটি। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে আনুমানিক বার্ষিক করের অন্তত ৭৫ শতাংশ জমা দিতে হয়।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫-২৬ অর্থবর্ষের বকেয়া বা বিলম্বিত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারেননি, তাঁরা জরিমানা দিয়ে এই সুযোগ নিতে পারেন। 

মনে রাখবেন: সব পরিবর্তন প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার ব্যাঙ্ক, কার্ড বা বিনিয়োগের নিয়ম অনুযায়ী প্রভাব আলাদা হতে পারে। তাই আগে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা সরকারি সংস্থার বিজ্ঞপ্তি দেখে নিন। 

Advertisement

POST A COMMENT
Advertisement