স্টক মার্কেট উঠছেইরান যুদ্ধের পর থেকেই রক্তাক্ত শেয়ারবাজার। হাজার হাজার কোটি টাকা ডুবে যাচ্ছে মার্কেট থেকে। এই তো সোমবারও পড়েছে বাজার। ভারী লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। যদিও সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং ডে-তেই ট্রেন্ড বদল। আজ, মঙ্গলবার দিনের শুরুতেই অনেকটা উঠে যায় সেনসেক্স। শুধু তাই নয়, ১৫০ পয়েন্ট বেড়েছে নিফটিও। আর মার্কেটের এমন উত্থানের পিছনেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
নিফটি এবং সেনসেক্স, দুইই বেড়েছে
আজ মঙ্গলবার ওপেনিংয়েই ছক্কা হাঁকিয়ে ফেলে সেনসেক্স এবং নিফটি। এটি আগের দিনের ক্লোজিং ৭৭৭,৫৬৬ থেকে ৮০০ পয়েন্ট বেড়ে ৭৮,৩৭৫-এ পৌঁছে যায়। আর এক মিনিটের মধ্যেই সেটা বেড়ে যায় ৯০০ পয়েন্ট। পৌঁছে যায় ৭৮৫২৬-এ।
ও দিকে পিছিয়ে নেই নিফটিও। এটি ২৪২৮০-তে ওপেনিং করে। সোমবারের ক্লোজিং ২৪,০২৮ থেকে বেড়েই এটি শুরু করেছে আজ। তারপর পৌঁছে যায় ২৪,৩০৩ পয়েন্টে। যার ফলে বিনিয়োগকারীদের লাভ হচ্ছে।
সোমবার খুবই খারাপ অবস্থা হয়েছিল সেনসেক্স এবং নিফটির
আসলে সোমবার খুবই খারাপ অবস্থা হয়েছিল সেনসেক্স এবং নিফটির। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের ঝামেলা নিয়েই এই সমস্যার সূত্রপাত। এমন পরিস্থিতিতে অনেকটা তলিয়ে যায় সেনসেক্স। এটি নেমে যায় ৭৭,৫৬৬.১৬ পয়েন্ট। পড়ে যায় ১৩৫২.৭৪ পয়েন্ট। ও দিকে ৪২২ পয়েন্ট কমে যায় নিফটিও। এটি ২৪০২৮.০৫ পয়েন্টে শেষ করে। যদিও আজ সকাল থেকেই ভাল সময় শুরু হয়েছে বাজারে।
কেন লাফাচ্ছে শেয়ারবাজার?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ প্রায় গুটিয়ে এসেছে। তারপর থেকেই পড়তে শুরু করে দেয় তেলের দাম। এশিয়ার একাধিক শেয়ারবাজারের সূচকও চড়তে থাকে। আর তাতেই ভারতীয় স্টক মার্কেটের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোন কোন স্টকে লক্ষ্মীলাভ?
আজ একাধিক স্টকে লাভ হচ্ছে। আর সেই তালিকায় এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, এশিয়ান পেইন্টস, টাইটন, টাটা স্টিল, মারুতি, সানফার্মার মতো স্টকে লাভ মিলছে। যদিও এখন একটু সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নইলে বিপদ হতে পারে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।