রহস্য ফাঁস করল রেল, এক ছবিতেই কেল্লাফতে অবশেষে ৩০ মিনিটের 'রহস্য' খোলসা করল পূর্ব রেল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রেলের তরফে জানানো হল ৩০ মিনিটের মধ্যে কী পদক্ষেপ নিতে চলেছে রেলওয়ে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্টেশন চত্বরে কোথাও নোংরা বা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়লে এবার আর অপেক্ষা নয়। দ্রুত ব্যবস্থা নিতে নতুন উদ্যোগ শুরু করল পূর্ব রেল। ‘#ERChallenge’ নামে একটি Rapid Response Cleanliness Initiative চালু করেছে পূর্ব রেল, যার লক্ষ্য স্টেশন চত্বরকে আরও পরিষ্কার এবং যাত্রীবান্ধব করে তোলা।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনে কোথাও নোংরা বা আবর্জনা নজরে এলে যাত্রীরা সেটির ছবি তুলে নির্দিষ্ট মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ৩০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
কীভাবে অভিযোগ জানাবেন?
প্রথমে সমস্যার জায়গার একটি পরিষ্কার ছবি তুলতে হবে (জিওট্যাগসহ)। এরপর সংশ্লিষ্ট ডিভিশনকে ট্যাগ করে অভিযোগ পাঠাতে হবে। অভিযোগ জানানোর জন্য QR কোড, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং RailMadad প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। ফেসবুক ও টুইটারে পূর্ব রেলকে ট্যাগ করে অভিযোগ জানানো যাবে।
পূর্ব রেলের দাবি, পরিচ্ছন্নতা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি যাত্রীদেরও সম্মিলিত উদ্যোগ। ‘Spot It. Report It. We’re On It.’ স্লোগানকে সামনে রেখে এই অভিযানের মাধ্যমে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা নিতে যাত্রীদের আহ্বান জানানো হয়েছে।