নৈহাটি স্টেশনের আগে আর দাঁড়িয়ে থাকবে না ট্রেননৈহাটি স্টেশনে সিগন্যালিং ব্যবস্থার বড়সড় আপগ্রেডেশন করল পূর্ব রেল। নৈহাটি স্টেশন হয়ে যাতায়াতকারী যাত্রীদের সফর আরও মসৃণ করতে স্টেশনটির সিগনালিং লজিক সিস্টেমের আধুনিকীকরণের কাজ করল রেল।
শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, এই আধুনিকীকরণ ট্রেন চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি বড় প্রতিবন্ধকতা (বটলনেক) দূর করল। বস্তুত আগে, নন-ইন্টারলকিং রেলওয়ে ট্র্যাকের কাজের পুরনো পর্যায়গুলিতে, কিছু নন-আইসোলেটেড ক্রিস-ক্রস (আড়াআড়ি) ট্র্যাক মুভমেন্টের সুবিধা সিগনালিং লজিক কোডে পাওয়া যেত না। ফলে বেশ কিছু ট্রেন চলাচলে বাধ্য হয়েই দেরি করাতে হত।
উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক
যেমন, ধরে নেওয়া যাক ব্যান্ডেল থেকে আসা একটি ডাউন ট্রেনকে ৪ নম্বর বা ৫ নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হলে, ৩ নম্বর বা ৫ নম্বর প্ল্যাটফর্মে কটি আপ শহরতলি (সাব-আর্বান) বা মেইন লাইনের ট্রেন ঢোকানো ছিল অসম্ভব। একইভাবে, ৪ নম্বর বা ৫ নম্বর প্ল্যাটফর্মে কোনো ডাউন ব্যান্ডেল ট্রেন প্রবেশ করার সময় ২ নম্বর বা ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো আপ ব্যান্ডেলগামী ট্রেন ছাড়া যেত না। এর ফলে ট্রেনগুলিকে স্টেশনের ঠিক বাইরে ট্র্যাকে অপেক্ষা করিয়ে রাখতে হত। নতুন আপগ্রেড হওয়া ব্যবস্থায় এই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত জটিল ইঞ্জিনিয়ারিং কাজ যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি ও আরামের জন্যই করা হয়েছে। এরফলে অপ্রত্যাশিত ভাবে ট্রেন দেরি হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে এবং যাত্রীদের মানসিক চাপ কমবে। যাত্রীদের সফর হয়ে উঠবে আরও আরামদায়ক।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই প্রসঙ্গে জানিয়েছেন, "নৈহাটি স্টেশনে এই সিগনালিং লজিক সিস্টেমের আধুনিকীকরণ নির্বিঘ্ন সফরের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। উন্নত প্রযুক্তির সঙ্গে কঠোর নিরাপত্তার মানদণ্ডের সংমিশ্রণ ঘটিয়ে পূর্ব রেল নিশ্চিত করছে যাতে যাত্রীরা উল্লেখযোগ্যভাবে কম সময়ে দুর্দান্ত ভ্রমণ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন।"